Cvoice24.com

পদত্যাগ করিনি, চুয়েটে ফিরব- হাসপাতালে উপাচার্য

নিউজডেস্ক, সিভয়েস২৪
১০:১১, ১৪ অক্টোবর ২০২৬
পদত্যাগ করিনি, চুয়েটে ফিরব- হাসপাতালে উপাচার্য

টানা ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম বলেছেন, তিনি পদত্যাগ করেননি এবং ক্যাম্পাসে না ফেরার কোনো ঘোষণাও দেননি। সরকারের পক্ষ থেকে তাকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় চুয়েটের প্রশাসনিক ভবন থেকে উদ্ধারের পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মুঠোফোনে গণমাধ্যমকে নিজের শারীরিক অবস্থা ও বিশ্ববিদ্যালয়ে চলমান পরিস্থিতি সম্পর্কে কথা বলেন উপাচার্য।

শেখ শরীফুল আলম জানান, প্রশাসনিক ভবনে অবরুদ্ধ অবস্থায় বিদ্যুৎহীন পরিবেশে তারা চরম দুর্ভোগের মধ্যে ছিলেন। এতে ভবনের ভেতরে থাকা ১১ জনের স্বাস্থ্যের অবনতি ঘটে। তাদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। দুজন সাবেক শিক্ষার্থীর একজনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সরকারি চিকিৎসক ও সিভিল সার্জনের পরামর্শে তাকেও হাসপাতালে নেওয়া হয়।

উপাচার্য বলেন, গত সোমবার দুপুর ১২টা থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় তাদের অমানবিক পরিস্থিতির মধ্যে সময় কাটাতে হয়েছে। সরকারের সঙ্গে কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, সরকার তাকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে এবং দ্রুত সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছে।

বর্তমানে তাকে ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার চিকিৎসায় একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর বুধবার তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানানোর কথা রয়েছে।

পদত্যাগ করেছেন এবং আর কখনো চুয়েট ক্যাম্পাসে ফিরবেন না—এমন খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য শেখ শরীফুল আলম।
তিনি বলেন, ‘আমি পদত্যাগ করেছি এবং ভবিষ্যতে চুয়েট ক্যাম্পাসে পদার্পণ করব না, এ রকম কোনো বক্তব্য বা বিবৃতি আমি দিইনি।’

উদ্ধারের সময় তার কথা বলার মতো শারীরিক অবস্থা ছিল না উল্লেখ করে তিনি গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান।নিজের নিয়োগের বিষয়ে উপাচার্য বলেন, রাষ্ট্রের দেওয়া দায়িত্ব পালন করতেই তিনি চট্টগ্রামে এসেছেন। কোনো ব্যক্তিগত স্বার্থ বা দলীয় এজেন্ডা বাস্তবায়ন তার উদ্দেশ্য নয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য তাদের মূল্যবান শিক্ষাজীবন নষ্ট না করার আহ্বান জানিয়েছেন। কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর দ্বারা ব্যবহৃত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা যথেষ্ট বুদ্ধিমান এবং তারা কারও দ্বারা ব্যবহৃত হবেন না বলে তার বিশ্বাস।

সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েটে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। গত সোমবার সকালে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম প্রশাসনিক ভবনের মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন বলে আন্দোলনকারীরা জানান। এরপর তাকে দুপুর ১২টার মধ্যে কার্যালয় ছাড়ার সময় বেঁধে দেন শিক্ষার্থীরা।

নির্ধারিত সময়ের মধ্যে তিনি বের না হওয়ায় দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনের মূল ফটকে আবার তালা ঝুলিয়ে দেওয়া হয়। এতে উপাচার্যসহ ভবনের ভেতরে থাকা ১১ জন অবরুদ্ধ হয়ে পড়েন।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার সেখানে গিয়ে উপাচার্যকে উদ্ধার করেন। পরে পুলিশি পাহারায় অ্যাম্বুলেন্সে করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে কুয়েটের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর প্রতিবাদে এবং সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে ২২ সেপ্টেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি পালন করছেন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

ক্যাম্পাস সব খবর