পিসিআইইউতে ‘শিখা’ শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত
সিভয়েস২৪ ডেস্ক
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (পিসিআইইউ) ‘শিখা’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ক্লাবের সমন্বয়ে এ উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন মানবিক, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী, রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান, প্রক্টর মো. রাশেদ খান মিলন এবং সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক দিলরুবা আক্তার।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ইপসার পরিচালক নাসিম বানু শ্যামলী, প্রকল্প ব্যবস্থাপক তুষার কুমার রায় এবং ব্র্যাকের জ্যেষ্ঠ ব্যবস্থাপক সৈয়দ আনাস আমিন। এ সময় সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষকবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
ইপসা ও ব্র্যাকের সহযোগিতায় এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে আয়োজিত এ উৎসবে শিক্ষার্থীদের নির্মিত শর্ট ফিল্ম প্রদর্শিত হয়। উৎসবে ছয়টি থিমে চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানানো হয়। বিষয়গুলো ছিল— অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অভিযোগকারীর কথা শোনা ও সমর্থন, অনলাইন হয়রানি, ক্ষতিকর সামাজিক প্রথা, যাতায়াতের নিরাপত্তা এবং নারী ও পুরুষদের মধ্যে সম্মানজনক আচরণ গড়ে তোলা। এসব বিষয়ের মাধ্যমে সহিংসতা, বৈষম্য ও সামাজিক সচেতনতার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
উৎসবে সেরা চলচ্চিত্রগুলোর জন্য প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরষ্কার হিসেবে যথাক্রমে ২৫ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক দিলরুবা আক্তার অতিথিবৃন্দ, সহযোগী প্রতিষ্ঠান, আয়োজক এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ক্যাম্পাস সব খবর















