দেশের বন্দর বিদেশিদের হাতে দিতে চান না মিয়া গোলাম পরওয়ার
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম বন্দরসহ দেশের গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর ও অর্থনৈতিক স্থাপনাগুলো বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিরোধিতা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, দেশের বন্দর, শিল্পকারখানা ও অর্থনীতির গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো পরিচালনার দায়িত্ব নিজেদেরই নিতে হবে। বিদেশি শক্তির হাতে এসব স্থাপনা তুলে দিলে দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১১টার দিকে চট্টগ্রাম বন্দরসংলগ্ন শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগর শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনাল, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও মোংলা বন্দর ভূরাজনৈতিক বাস্তবতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বঙ্গোপসাগর ও এসব বন্দরকে ঘিরে আন্তর্জাতিক শক্তিগুলোর আগ্রহ এবং প্রভাব বিস্তারের চেষ্টা বাড়ছে বলে তিনি দাবি করেন।
নিউমুরিং কনটেইনার টার্মিনালের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সেখানে ২ হাজার ২০০ কোটি টাকা বিনিয়োগ এবং ১ হাজার ৩০০ কোটি টাকা লাভের কথা বলা হচ্ছে। এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশিদের হাতে দেওয়ার প্রয়োজনীয়তা কী, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
তিনি বলেন, ‘আমরা জানি না কেন এগুলো বিদেশিদের হাতে ছেড়ে দিতে হবে!’ দেশের অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত চট্টগ্রাম বন্দরকে ব্যবহার করে কোনো বিদেশি শক্তির ভূরাজনৈতিক স্বার্থ বাস্তবায়নের সুযোগ দেওয়া উচিত নয়।
জামায়াতের এই নেতা বলেন, দেশের বন্দর, কলকারখানা ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো সততা ও স্বচ্ছতার সঙ্গে পরিচালনার দায়িত্ব দেশীয় কর্তৃপক্ষের নেওয়া উচিত। বিদেশিদের হাতে দেশের অর্থনীতি ও রাজনৈতিক আধিপত্য তুলে দেওয়ার পথ থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান তিনি।
ভারত ও যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক পরিকল্পনা, বিমসটেক এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার ভূরাজনৈতিক মেরুকরণের প্রসঙ্গ উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, এসব বাস্তবতায় বঙ্গোপসাগর ও বাংলাদেশের বন্দরগুলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ কারণে দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের সঙ্গে অন্য রাষ্ট্রের সম্পর্ক হতে হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে। কোনো দেশের আধিপত্যের সুযোগ তৈরি করে দেশের বন্দর ও অর্থনৈতিক স্থাপনাগুলো পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়া উচিত নয়।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর












