Cvoice24.com

শুল্ক ফাঁকি দিয়ে আনা ৪০ লাখ টাকার কাপড় জব্দ, চালক গ্রেপ্তার

মিরসরাই প্রতিনিধি, সিভয়েস২৪
১৬:৫৬, ২৬ নভেম্বর ২০২৬
শুল্ক ফাঁকি দিয়ে আনা ৪০ লাখ টাকার কাপড় জব্দ, চালক গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দর থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে ঢাকায় নেওয়ার সময় ৪০ লাখ টাকা মূল্যের চায়না কাপড়ের চালান জব্দ করেছে পুলিশ। এ সময় কাপড় পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ এবং চালক মো. নোমানকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালায় জোরারগঞ্জ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দর থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে চায়না কাপড়ের বড় একটি চালান ঢাকায় নেওয়া হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে কাভার্ড ভ্যানে থাকা ১০০টি প্লাস্টিকের বস্তা থেকে বিভিন্ন রঙের ১০০টি কাপড়ের রোল উদ্ধার করা হয়। প্রতিটি রোলের আনুমানিক বাজারমূল্য ৪০ হাজার টাকা। সে হিসাবে উদ্ধার করা কাপড়ের মোট মূল্য ৪০ লাখ টাকা।

এ সময় পালানোর চেষ্টা করলে কাভার্ড ভ্যানের চালক নোমানকে আটক করে পুলিশ। পরে কাপড়সহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে কাভার্ড ভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় কাপড় ও কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় জোরারগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর