Cvoice24.com

চট্টগ্রামে এক রাতে তিন স্থানে আগুন

সিভয়েস২৪ প্রতিবেদক
১৫:৩১, ২৬ নভেম্বর ২০২৬
চট্টগ্রামে এক রাতে তিন স্থানে আগুন

চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলী ও বড়পোল এলাকায় ভূমি অফিস এবং ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। একই রাতে বাকলিয়ায় একটি ট্রাকেও আগুন লাগে। তবে ট্রাকের আগুনের ঘটনায় নাশকতার কোনো প্রমাণ পায়নি পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) গভীর রাত থেকে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর পর্যন্ত এসব ঘটনা ঘটে।

জানা যায়, উত্তর কাট্টলীর রাসমণি ঘাট এলাকায় রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে একটি ইউনিয়ন ভূমি অফিসে আগুন দেওয়া হয়। এ সময় অফিসটি তালাবদ্ধ ছিল।

কাট্টলী সার্কেল ভূমি অফিসের সহকারী কমিশনার আবু সালেহ মোহাম্মদ আরমান ভূঁইয়া জানান, আগুনে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় মামলা করা হচ্ছে।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার বলেন, ‘দুর্বৃত্তরা বাইরে থেকে অথবা সীমানাপ্রাচীর টপকে ভূমি অফিস চত্বরে ঢুকে জানালার পর্দায় আগুন দেয়। ধোঁয়া দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান।’

ওসি আরও জানান, ভূমি অফিসে সার্বক্ষণিক নিরাপত্তাপ্রহরী ছিলেন। তবে ঘটনার সময় তিনি খাবার খেতে বাইরে গিয়েছিলেন। আগুনের উৎস খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, বৃহস্পতিবার ভোরে হালিশহর থানার বড়পোল এলাকায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। এতে বক্সের জানালার একাংশ পুড়ে যায়। ধোঁয়ায় ভেতর ও বাইরের দেয়ালের কিছু অংশ কালো হয়ে যায়। স্থানীয়রা আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে ফেলেন।

হালিশহর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘পুলিশ বক্সে অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

অন্যদিকে, বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার জি-ব্লকের ছয় নম্বর সড়কে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে একটি ট্রাকে আগুন লাগে। পুলিশ দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

এ প্রসঙ্গে বাকলিয়া থানার ওসি শাহীনুর আলম বলেন, ‘ট্রাকটি গত ১ নভেম্বর দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়ার পর ওই এলাকায় রাখা হয়েছিল। সেটি পলিথিন দিয়ে ঢাকা ছিল। ধারণা করা হচ্ছে, ভবনের ওপর থেকে কেউ জ্বলন্ত বিড়ি বা সিগারেটের অংশ ফেললে পলিথিনে আগুন ধরে যায়। ঘটনাটি নাশকতা কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।’

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর