জরিমানা ২ লাখ ৫৯ হাজার টাকা
দালাল ধরতে চমেকে রোগীর ছদ্মবেশে এসআরবি, আটক ২০
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ২০ জনকে আটক করেছে এসআরবি। রোগীর ছদ্মবেশে চালানো এ অভিযানে আটক ব্যক্তিদের মোট ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। জরিমানা অনাদায়ে তাদের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টা ১৫ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত হাসপাতাল এলাকায় এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ।
তিনি জানান, সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে দালালচক্র ও অসাধু সিন্ডিকেটের তৎপরতা বেড়ে যাওয়ার তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে হাতেনাতে ২০ জনকে আটক করা হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের অর্থদণ্ড দেন।
আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা মূলত গ্রামের দরিদ্র ও অসহায় রোগীদের লক্ষ্যবস্তু করতেন। সরকারি চিকিৎসাব্যবস্থা সম্পর্কে অনভিজ্ঞ রোগী ও তাদের স্বজনদের কাছে হাসপাতালের চিকিৎসাসেবার অপ্রতুলতার কথা বলে ভীতি তৈরি করতেন। এরপর বিভিন্ন কৌশলে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন।
এসআরবি কর্মকর্তা মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, ‘অসুস্থতা থেকে মুক্তি পেতে মানুষ সরকারি হাসপাতালে স্বল্পমূল্যে বা বিনামূল্যে চিকিৎসার প্রত্যাশা নিয়ে আসেন। সরকারও এসব হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থা রেখেছে। কিন্তু দালালচক্রের কারণে সাধারণ মানুষ সরকারি চিকিৎসাসুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।’
তিনি আরও বলেন, সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলো দালালমুক্ত করতে জনসচেতনতা বাড়াতে হবে। এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর












