Cvoice24.com

ট্রাফিক পুলিশ বক্সে আগুন, মামলা না করায় সার্জেন্ট বরখাস্ত

সিভয়েস২৪ প্রতিবেদক
১২:৪০, ২৬ নভেম্বর ২০২৬
ট্রাফিক পুলিশ বক্সে আগুন, মামলা না করায় সার্জেন্ট বরখাস্ত

চট্টগ্রাম নগরের বন্দর এলাকায় ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা না করায় এক পুলিশ সার্জেন্টকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সরকারি দায়িত্ব পালনে অবহেলা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অমান্যের অভিযোগে সার্জেন্ট মো. মুজাহিদুল ইসলামের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ।

তিনি বলেন, সরকারি দায়িত্ব পালনে অবহেলা ও কর্তৃপক্ষের আদেশ অমান্যের অভিযোগে সার্জেন্ট মুজাহিদুল ইসলামের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন কর্মসূচি’ চলাকালে নগরের বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় একটি ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই পুলিশ বক্সের দায়িত্বে ছিলেন সার্জেন্ট মুজাহিদুল ইসলাম।

ঘটনার পর এ ঘটনায় মামলা করার জন্য সিএমপি কর্তৃপক্ষ তাকে বাদী হওয়ার নির্দেশ দেয়। তবে তিনি মামলার বাদী হতে রাজি হননি বলে জানা গেছে। এর পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে সরকারি দায়িত্ব পালনে অবহেলা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অমান্যের অভিযোগ আনা হয়। পরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

২০১৭ সালে সার্জেন্ট পদে পুলিশ বাহিনীতে যোগ দেন মো. মুজাহিদুল ইসলাম। তার বাড়ি গোপালগঞ্জে।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর