Cvoice24.com

প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
নামিদামি ব্র্যান্ডের লেবেল লাগিয়ে বিক্রি হচ্ছিল ‘নকল মবিল’

সিভয়েস২৪ প্রতিবেদক
১৭:০০, ২৪ নভেম্বর ২০২৬
নামিদামি ব্র্যান্ডের লেবেল লাগিয়ে বিক্রি হচ্ছিল ‘নকল মবিল’

নামিদামি ব্র্যান্ডের মোড়ক ও পরিচয় ব্যবহার করে নকল মবিল (ইঞ্জিন অয়েল) তৈরি এবং বাজারজাতের অভিযোগে চট্টগ্রামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৪ নভেম্বর) চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় পরিচালিত বাজার তদারকি অভিযানে কদমতলী এলাকার জয়শ্রী অটোমোবাইলসকে এ জরিমানা করা হয়।

অভিযানে হিরো, হোন্ডা, শারলু, আরএসএম, মোটুল ও ক্যাস্ট্রলসহ বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের পরিচয় ব্যবহার করে নকল ইঞ্জিন অয়েল তৈরি এবং খুচরা বাজারে বিক্রির বিষয়টি উঠে আসে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি দলের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে কদমতলী এলাকার সমতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। রান্না করা বাসি খাবার কাঁচা মাছ-মাংসের সঙ্গে বিক্রির উদ্দেশ্যে ফ্রিজে সংরক্ষণ এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতের দায়ে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।

এ ছাড়া দেওয়ানহাট মোড়সংলগ্ন তাজ ফার্মেসিকে মেয়াদবিহীন ওষুধ বিক্রির দায়ে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও মাহমুদা আক্তার উপস্থিত ছিলেন।

জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর