সেন্ট মার্টিনে সমুদ্রে বর্জ্য ফেলা, রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানা
উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
দেশের একমাত্র প্রবালদ্বীপ কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিনে পাম্পের মাধ্যমে সমুদ্রে বর্জ্য ফেলার অভিযোগে ‘সেন্ট ক্যাসেল’ নামের একটি রিসোর্টকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া অন্যের জায়গায় বর্জ্য ফেলে পরিবেশ দূষণের প্রমাণও পেয়েছেন আদালত।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় দ্বীপের দক্ষিণপাড়া সৈকতে জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম অভিযানে নেতৃত্ব দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানের সময় রিসোর্ট কর্তৃপক্ষ বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ অস্বীকার করে। পরে সরেজমিনে পরিদর্শনে পাম্পের সাহায্যে সমুদ্রে বর্জ্য ফেলার জন্য ড্রেজারসদৃশ একটি যন্ত্রের ব্যবহার দেখতে পান আদালত। এ ছাড়া অন্যের জায়গায় বর্জ্য ফেলে পরিবেশ দূষণের প্রমাণও পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে রিসোর্টটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে দ্বীপের আরও কয়েকটি রিসোর্টের বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশগত বিষয় পরিদর্শন করা হয়। এ সময় বিভিন্ন অসংগতি চিহ্নিত করে সংশ্লিষ্ট রিসোর্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার বিষয়ে কয়েকটি রিসোর্ট কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম বলেন, সেন্ট মার্টিন দ্বীপের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় তিনি দ্বীপের বাসিন্দা, ব্যবসায়ী, রিসোর্ট কর্তৃপক্ষ ও পর্যটকদের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পরিবেশ সংরক্ষণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এদিকে একই অভিযানে সৈকতের বালুচরে নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের অভিযোগে চারটি মোটরসাইকেল জব্দ করা হয়। পাশাপাশি দ্বীপের সমুদ্রসীমার নিষিদ্ধ এলাকায় ট্রলিং পদ্ধতিতে মাছ আহরণের অভিযোগে ‘আল্লাহর দয়া-৬’ নামের একটি মাছ ধরার ট্রলার আটক করে কোস্ট গার্ড।
পরে ভ্রাম্যমাণ আদালত ট্রলারের চালককে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, পুলিশ, কোস্ট গার্ড ও বিচকর্মীরা অংশ নেন।
কক্সবাজার সব খবর















