Cvoice24.com

টেকনাফে অস্ত্রসহ বিপুল বোমা-গুলি ও সরঞ্জাম উদ্ধার, আটক ২

উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
১০:৫৯, ২২ নভেম্বর ২০২৬
টেকনাফে অস্ত্রসহ বিপুল বোমা-গুলি ও সরঞ্জাম উদ্ধার, আটক ২

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে শতাধিক আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বোমা, বিস্ফোরক তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও ২৫৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। 

রবিবার (২২ নভেম্বর) সকালে ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফে বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়। দেশের চলমান পরিস্থিতিতে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা নিয়ে একটি সংঘবদ্ধ চক্র এসব অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে বিজিবি। চক্রটি মিয়ানমার থেকে এসব অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করেছিল বলেও বিজিবি সূত্রে জানা গেছে।

অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ২৫৪ রাউন্ড গুলি জব্দ করা হয়। এ ছাড়া আইইডি বোমা তৈরিতে ব্যবহৃত স্টিলের তৈরি বডি, বৈদ্যুতিক তার, উন্নতমানের টুলস বক্সসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বিজিবির ধারণা, উদ্ধার করা আইইডি বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল।

অভিযান চলাকালে সন্দেহভাজন ব্যক্তিদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি অটোরিকশাও জব্দ করা হয়। এসব যানবাহনের চালকদের আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

কক্সবাজার সব খবর