Cvoice24.com

সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ, অগ্নিসংযোগের চেষ্টা

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি, সিভয়েস২৪
১০:৩৮, ২২ নভেম্বর ২০২৬
সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ, অগ্নিসংযোগের চেষ্টা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) মো. আবু সাদিক (সাদিক কায়েম) অভিযোগ করেছেন, খাগড়াছড়িতে তার বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। ঘটনার সময় বাড়িতে তার মা-বাবা অবস্থান করছিলেন। তবে এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই তা নেভানো সম্ভব হয়।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম এ অভিযোগ করেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, রাত সাড়ে তিনটার দিকে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা তার বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালায়। এ সময় বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয় এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পুরো বাড়িতে অগ্নিসংযোগের পরিকল্পনা করা হয়েছিল বলে তিনি দাবি করেন।

সাদিক কায়েম লেখেন, ‘আল্লাহর অশেষ রহমতে আগুন ঘরের ভেতরে ছড়িয়ে পড়ার আগেই এলাকাবাসীর প্রচেষ্টায় নেভানো সম্ভব হয়। আমার বাবা-মা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন, আলহামদুলিল্লাহ।’

পোস্টে তিনি আরও লেখেন, ‘জনবিচ্ছিন্ন খুনি হাসিনার দোসররা ভেবেছে, জুলাইপন্থি ছাত্র-জনতার ওপর এভাবে হামলা, হুমকি ও ভীতি প্রদর্শন করে তারা আবারও এদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠবে। পেট্রোলবোমা, অগ্নিসন্ত্রাস আর রাতের আঁধারে কাপুরুষোচিত হামলা চালিয়ে তারা জনগণের ওপর পালিয়ে যাওয়ার প্রতিশোধ নিতে চায়। এসব চোরাগোপ্তা সন্ত্রাসী কর্মকাণ্ড আমাদের দমাতে পারবে না, বরং আমাদের লড়াইকে আরও দৃঢ় করবে ইনশাআল্লাহ।’

পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদী আওয়ামী রাজনীতির পুনর্বাসন হতে দেওয়া হবে না, এটাই প্রথম ও শেষ কথা। আওয়ামী অপশক্তির রাজনৈতিক মৃত্যু বাংলাদেশের মাটিতে অচিরেই আমরা নিশ্চিত করব, ইনশাআল্লাহ।’

এদিকে ঘটনার পর সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাদিক কায়েমের বাড়ি পরিদর্শন করে। এ সময় তারা তার বাবা আবুল কাশেমের সঙ্গে কথা বলেন এবং ঘটনার খোঁজখবর নেন। প্রতিনিধিদলটি ঘটনার নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানায়।

ঘটনার প্রতিবাদে রবিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় খাগড়াছড়ি সদর এলাকার শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখা।

রাজনীতি সব খবর