Cvoice24.com

ফটিকছড়িতে যুবদলের মিছিলে হামলার অভিযোগ, ৩০ গাড়ি ভাঙচুর-আগুন

ফটিকছড়ি প্রতিনিধি
১৯:৩৮, ২১ নভেম্বর ২০২৬
ফটিকছড়িতে যুবদলের মিছিলে হামলার অভিযোগ, ৩০ গাড়ি ভাঙচুর-আগুন

ফটিকছড়িতে যুবদলের মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এ সময় মিছিলে অংশ নেওয়া ২০ থেকে ৩০টি গাড়ি ভাঙচুর এবং কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) নানুপুর ইউনিয়নের কিফায়েতনগর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের সময় একই ইউনিয়নের নানুপুর বাজার এলাকায় যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রকাশ্যে মিছিল করেন। ওই মিছিলের নেতৃত্বে ছিলেন কিফায়েতনগর এলাকার যুবলীগ নেতা নুরুল করিম। মিছিল থেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেওয়া হয়।

এর প্রতিবাদে শনিবার যুবদল মিছিল বের করলে কিফায়েতনগর এলাকায় পৌঁছানোর পর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন দলটির নেতা-কর্মীরা। এ সময় মিছিলে থাকা গাড়িগুলো ভাঙচুর করা হয়। একপর্যায়ে কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অন্যদিকে, ফেসবুক লাইভে এসে যুবলীগ নেতা নুরুল করিম তাঁর বাড়িতে বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর করছেন বলে অভিযোগ করেন।

ঘটনায় আহত কয়েকজনকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা জড়ো হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি এলাকায় টহল জোরদার করা হয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান বলেন, বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

এর আগে শুক্রবার নানুপুর বাজারে প্রকাশ্যে মিছিল করার ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, ওই মিছিলের নেতৃত্বে ছিলেন যুবলীগ নেতা নুরুল করিম।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর