Cvoice24.com

উন্নয়নকাজের মান নিয়ে কোনো আপস নয়: চসিক প্রশাসক

সিভয়েস২৪ প্রতিবেদক
১৭:০৭, ২০ নভেম্বর ২০২৬
উন্নয়নকাজের মান নিয়ে কোনো আপস নয়: চসিক প্রশাসক

চট্টগ্রাম মহানগরের উন্নয়নকাজের গুণগত মানের সঙ্গে কোনো ধরনের আপস করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছেন তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের পর নগরের ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের ছোটপুল এলাকায় চলমান উন্নয়নকাজ পরিদর্শনকালে তিনি এসব নির্দেশনা দেন।

পরিদর্শনকালে প্রশাসক এলাকার উন্নয়নকাজের অগ্রগতি, নির্মাণের গুণগত মান ও বাস্তবায়ন পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের কাজের মান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করার নির্দেশ দেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, জনগণের অর্থে বাস্তবায়িত প্রতিটি উন্নয়ন প্রকল্প হতে হবে টেকসই ও মানসম্মত। যাতে নগরবাসী দীর্ঘদিন এসব উন্নয়নের সুফল ভোগ করতে পারেন।

তিনি বলেন, চট্টগ্রাম নগরের প্রতিটি ওয়ার্ডের সুষম উন্নয়ন নিশ্চিত করতে সিটি করপোরেশন কাজ করছে। কোনো এলাকাকে উন্নয়নের বাইরে রাখা হবে না। নগরবাসীর দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সড়ক, ড্রেনেজ ব্যবস্থাসহ প্রয়োজনীয় নাগরিক অবকাঠামোর উন্নয়ন করা হচ্ছে।

প্রশাসক আরও বলেন, শুধু উন্নয়ন প্রকল্প গ্রহণ করলেই হবে না, সেগুলোর যথাযথ বাস্তবায়ন ও গুণগত মান নিশ্চিত করাও জরুরি। এ ক্ষেত্রে প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। উন্নয়নকাজে অনিয়ম, অবহেলা কিংবা নিম্নমানের কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

পরিদর্শনকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এলাকার বিভিন্ন সমস্যা ও নাগরিক প্রত্যাশার বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি নগরের টেকসই উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর