মামলা জট কমাতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ : অ্যাডভোকেট মঈনুদ্দীন
সিভয়েস প্রতিবেদক
মামলার জট কমানো ও বিচারপ্রক্রিয়া সহজ করতে জনসচেতনতা তৈরির পাশাপাশি গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জজ কোর্টের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুদ্দীন।
বৃহস্পতিবার রাতে টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রামের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অ্যাডভোকেট মঈনুদ্দীন বলেন, আইন ও বিচারব্যবস্থা রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। আদালতের কার্যক্রম, বিচারপ্রার্থীদের ভোগান্তি, মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা এবং বিচারপ্রক্রিয়ার নানা সীমাবদ্ধতা গণমাধ্যমে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরা প্রয়োজন। এতে সমস্যাগুলো চিহ্নিত হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হবে। একই সঙ্গে এসব সমস্যা সমাধানের পথও সহজ হবে।
চিত্র সাংবাদিকদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, চিত্র সাংবাদিকেরা শুধু ঘটনার ছবি তোলেন না, বরং সমাজের বাস্তব চিত্র মানুষের সামনে তুলে ধরেন। অনেক সময় একটি ছবি বা দৃশ্যই সমাজের অসঙ্গতি ও মানুষের দুর্ভোগের কথা প্রকাশ করে। সমাজ ও রাষ্ট্রের দুর্নীতি, অনিয়ম এবং নানা অন্ধকার দিক জনসমক্ষে তুলে ধরতেও তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
আইন-আদালতসহ রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের ইতিবাচক ও নেতিবাচক উভয় দিক তুলে ধরার ক্ষেত্রে চিত্র সাংবাদিকদের দায়িত্বশীল ও পেশাদার আচরণ বজায় রাখার আহ্বান জানান তিনি।
টিসিজেএ চট্টগ্রামের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম মামুন।
এ সময় বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি সনজীব দে বাবু, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ হারুন ও ইমু খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি শফিক আহমেদ সাজিব, সহসম্পাদক বাসু দেব, অর্থ সম্পাদক পারভেজ রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজিম উদ্দিন, নির্বাহী সদস্য জহিরুল ইসলাম ও মো. নাজিমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর











