মালিককে লাখ টাকা জরিমানা
পানছড়িতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি, সিভয়েস২৪
খাগড়াছড়ির পানছড়িতে অভিযান চালিয়ে অবৈধ একটি ইটভাটার চুল্লি গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। এ সময় ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার লতিবান ইউনিয়নের নালকাটা এলাকায় অবস্থিত মেসার্স এম এস আর ব্রিকসে এ অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. ইউনুস আলী।
পরিবেশ অধিদপ্তর, খাগড়াছড়ির সহকারী পরিচালক হাসান আহম্মদের প্রসিকিউশনে অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ সাকিব।
অভিযানকালে অবৈধভাবে ইটভাটা প্রস্তুত ও পরিচালনার দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৫(১) ও ১৫ ধারা অনুযায়ী মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।
পরে পানছড়ি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে ভাটার আগুন নেভানো হয়। এরপর এক্সকাভেটর (ভেকু) দিয়ে ভাটার চুল্লির মুখ ভেঙে দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পার্বত্য এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পাহাড় সব খবর















