Cvoice24.com

লন্ডনে কঠিন চীবর দানোৎসব

প্রতিনিধি, সিভয়েস২৪
১১:০৩, ১৮ নভেম্বর ২০২৬
লন্ডনে কঠিন চীবর দানোৎসব

যুক্তরাজ্যের প্রথম কেন্দ্রীয় বৌদ্ধ বিহার ‘জেতবন বিহার লন্ডন’-এর উদ্যোগে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) লন্ডনের মেনর পার্কের রাভাদাসিয়া কমিউনিটি হলে দিনব্যাপী এ আয়োজন করা হয়।

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় মহাসংঘদান ও জ্ঞাতিভোজন। দ্বিতীয় পর্বে ১২ জন ভিক্ষুর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ধর্মীয় দানসভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পণ্ডিত প্রজ্ঞাবংশ মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত ব্যক্তিদের হাতে সম্মাননা তুলে দেন যুক্তরাজ্যের সমাজকল্যাণ ও পেনশন বিষয়ক মন্ত্রী স্যার স্টিফেন টিমস।

অনুষ্ঠানে ধর্মদেশনা করেন ভদন্ত প্রজ্ঞাবোধি মহাথেরো, ভদন্ত ধর্মানন্দ আনন্দ মহাথেরো এবং জেতবন বিহার লন্ডনের বিহারাধ্যক্ষ শাসনকীর্তি ফ্রা এইচ মহীপাল মহাথেরো।

অনুষ্ঠানের তৃতীয় পর্ব শুরু হয় বিকেল চারটায়। এ পর্বে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ ও গান পরিবেশনার পাশাপাশি যুক্তরাজ্যে প্রথমবারের মতো জেতবন বিহার লন্ডনের কঠিন চীবর দানোৎসব উপলক্ষে বাংলা ভাষায় মঞ্চস্থ হয় বৌদ্ধ ধর্মীয় কাহিনীনির্ভর দুটি নাটিকা—‘বুদ্ধকে সুজাতার পায়েস দান’ ও ‘অঙ্গুলিমাল’।

ধর্মীয় দর্শন, মানবিক মূল্যবোধ, মৈত্রী, করুণা ও অহিংসার বাণীসমৃদ্ধ নাটিকা দুটি উপস্থিত দর্শকদের মুগ্ধ ও আবেগাপ্লুত করে। আয়োজকদের মতে, বিদেশের মাটিতে বাঙালি বৌদ্ধ সংস্কৃতি ও ধর্মীয় নাট্যচর্চার ইতিহাসে এ আয়োজন একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে।

বাংলাদেশ ও প্রবাসে বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাধারণত নৃত্য, সংগীত ও কীর্তনের আয়োজন দেখা গেলেও দীর্ঘদিন ধরে ধর্মীয় নাটক, নাটিকা কিংবা মঞ্চনাট্যের চর্চা অনেকটাই অনুপস্থিত। এ বাস্তবতা উপলব্ধি করে নতুন প্রজন্মের কাছে বৌদ্ধ ধর্মের ইতিহাস, শিক্ষা ও মানবিক দর্শনকে শিল্পের মাধ্যমে তুলে ধরার লক্ষ্য নিয়ে বাংলাদেশ বুড্ডিস্ট কাউন্সিল ইউকের কালচারাল টিম এ উদ্যোগ নেয়।

‘বুদ্ধকে সুজাতার পায়েস দান’ নাটিকায় বুদ্ধ চরিত্রে অভিনয় করেন শিমুল বড়ুয়া এবং সুজাতা চরিত্রে মনিকা বড়ুয়া। সুজাতার সহকারী পূর্ণা চরিত্রে অভিনয় করেন সমৃদ্ধি বড়ুয়া। পার্শ্বচরিত্রে অভিনয় করেন পূর্ণিমা বড়ুয়া, রীতিশা বড়ুয়া, মেগান বড়ুয়া, নির্বানা বড়ুয়া, দৃষ্টি চৌধুরী, তানভিকা বড়ুয়া, সৃজয় বড়ুয়া, অরিদ্ধ বড়ুয়া ও সৌহার্দ বড়ুয়া।

দ্বিতীয় নাটিকা ‘অঙ্গুলিমাল’-এ অঙ্গুলিমাল চরিত্রে অভিনয় করেন শিলাময় বড়ুয়া (শিপন), বুদ্ধ চরিত্রে শিমুল বড়ুয়া, পথিক চরিত্রে আনন্দ মোহন সিংহ এবং অঙ্গুলিমালের মা মন্দানী চরিত্রে শ্রেষ্ঠা বড়ুয়া।

বাংলাদেশ বুড্ডিস্ট কাউন্সিল ইউকের প্রযোজনায় নাটিকা দুটির পরিকল্পনা, চিত্রনাট্য, নির্দেশনা ও পরিচালনায় ছিলেন বিশ্বজিৎ বড়ুয়া। মঞ্চ পরিকল্পনা, সহকারী নির্দেশনা ও পরিচালনায় ছিলেন টিপলু বড়ুয়া। প্রধান মঞ্চসজ্জায় ছিলেন তুষার কান্তি বড়ুয়া।

সার্বিক তত্ত্বাবধান, ব্যাকগ্রাউন্ড মিউজিক ও সংগীতে ছিলেন বিপ্লব কিশোর বড়ুয়া। শব্দ প্রয়োগ ও নিয়ন্ত্রণে ছিলেন মুনমুন বড়ুয়া ডানা ও সজীব চৌধুরী। তবলায় ছিলেন পিয়াস বড়ুয়া। ব্যাকস্ক্রিন সজ্জায় ছিলেন চম্পা বড়ুয়া।

মেকআপ, কস্টিউম ও কোরিওগ্রাফির দায়িত্ব পালন করেন অপর্ণা বড়ুয়া রিনি, সুপ্তা বড়ুয়া, প্রিয়াংকা বড়ুয়া, সোমা বড়ুয়া ও সুনয়না বড়ুয়া। মঞ্চের পর্দা নিয়ন্ত্রণে ছিলেন হিমাদ্রি বড়ুয়া ও রোহান কুশান বড়ুয়া।

এ ছাড়া সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ বুড্ডিস্ট কাউন্সিল ইউকে এবং বোধিজ্ঞান চিলড্রেন লন্ডনের সদস্য ও সদস্যরা।