Cvoice24.com

আক্ষেপ!
‘আমি আমার ছেলেদের ব্যাংক লুটেরা বানাবো’

শাহারিয়ার আহম্মেদ চৌধুরী,  নরওয়ে থেকে 
১০:৪৬, ২ মে ২০২৫
‘আমি আমার ছেলেদের ব্যাংক লুটেরা বানাবো’

আমি আমার ছেলেদের ব্যাংক লুটেরা বানাতে চাই। কারণ, সৎভাবে মানুষ বাংলাদেশে বাঁচে না, মরে। অপমানিত হয়। নিঃস্ব হয়।

এই দেশে বাঁচতে হলে দরকার চুরি করার লাইসেন্স। দরকার দলবদলু নৈতিকতা। ব্যাংক লুট করো, ঋণ নাও, ফিরিয়ে দিও না। জনগণের ঘামের টাকা চুষে খাও। তারপর হুন্ডি করে বিদেশে পাঠাও।

দেখবে, নামের পাশে "শ্রদ্ধেয়", "সম্মানিত", "প্রতিষ্ঠিত" "সাহেব," লেখা উঠে আসবে। তোমার জন্য থাকবে বিজনেস ক্লাস, হেলিকপ্টার, এসকর্ট। থাকবে দেশের বাইরে তিনতলা বাংলো, টাওয়ার হাউস, রোলস রয়েস।

এই ব্যাংকচোররাই হলো জাতির সবসময় অভিভাবকতা। তাদের হাতে দেশের রাজনীতি, অর্থনীতি, বিচারব্যবস্থা, মিডিয়া, সব কিছু।

এক হাতে ব্যাংক লুট, অন্য হাতে ধর্ম ব্যবসা।এরা আগে খুনি আওয়ামী লীগ কিনেছে, আজ বিএনপি-জামায়াত কেনে। পরশু আবার যারা জিতবে, তাদেরও কিনে নেবে।কেননা এদের দল নেই, দেশ নেই, আদর্শ নেই, শুধু পকেট আছে। আর সেই পকেট ভর্তি আমাদের টাকা।

আমার সন্তান যদি সৎ হয়, তবে তাকে ধাক্কা খেতে হবে, লাথি খেতে হবে, গরিব থাকতে হবে। আর যদি সে ব্যাংক লোন  করে, কোটি কোটি টাকা বিদেশে পাঠিয়ে দেয়, তবে তার জন্য থাকবে রাষ্ট্রের প্রটোকল। তার গাড়ির সামনে ট্রাফিক থামে। তাকে ছুঁতে সাহস করে না আইন। তার নাম হয় "শিল্পপতি", "বিশেষজ্ঞ", "উন্নয়নের অগ্রদূত"!

যে দেশে ব্যাংক ডাকাতদের মানুষ সাহেব ডাকে সেই দেশে কেন সন্তানদের সৎ রাখব? না! তাদের আমি শেখাব কিভাবে রাতারাতি ধনী হতে হয়। কিভাবে মানুষের ঘাম চুরি করতে হয়। শেখাবো চুরি করা। কিন্তু স্মার্টভাবে। হোয়াইট শার্ট, টাই, আর একগাদা মিডিয়া দিয়ে নিজেকে সমাজসেবক সাজাও। তোমার আশপাশ থাকবে হেসে হেসে মাথা নোয়ানো কিছু নেতা, মিডিয়া মালিক আর পেটোয়া বাহিনী।

কারণ সত্য একটাই, এই দেশ আর মানুষের নয়, এই দেশ চোরদের। তারা শুধু টাকা না, আমাদের ভবিষ্যৎও পাচার করে দিয়েছে।তারা আমাদের ঘৃণা পায় না, বরং তারা সম্মান পায়।

হ্যাঁ, আমি আমার ছেলেদের ব্যাংক লুটেরা বানাবো। কারণ এই দেশে সৎ মানুষ শুধু পায় লাশের গন্ধ।