সাতকানিয়ায় বিএনপি`র দু`গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, আহত ৫
সাতকানিয়া প্রতিনিধি
সাতকানিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। এতে উভয় পক্ষের ৩ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার পুরানগড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফকিরখীল গ্রামের কুমার পাড়া এবং ৬ নম্বর ওয়ার্ডের ধলির গোপাট এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতরা হলেন- বিএনপি নেতা জসিম উদ্দিন (৫২), যুবদল নেতা মোহাম্মদ টিপু (৩৫), মোহাম্মদ সাকিব (২৮), মোহাম্মদ আলম (৪০) ও রবিউল ইসলাম (৩০)।
সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পুরানগড় ইউনিয়ন বিএনপি নেতা জসিম উদ্দিন ও মোহাম্মদ সাকিবের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি আহত সাকিবসহ আরও কয়েকজন মিলে এক যুবকের মোবাইল ছিনিতাই করে। বিষয়টি জসিমকে জানানো হলে তিনি ভুক্তভোগীকে থানা পুলিশের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন। জসিম থানায় যাওযার পরামর্শ দেয়ার কারণে ফকিরখীল গ্রামের একটি মিষ্টির দোকানে জসিমকে একা পেয়ে সাকিবসহ অন্যরা লাঞ্চিত করে।
খবর পেয়ে জসিমের অনুসারী হারুন, ইদ্রিস, মাঈনুদ্দিন, রিয়াদ ও রাজিবসহ কয়েকজন সমাঝোতার মাধ্যমে মোবাইলটি উদ্ধারের জন্য মঙ্গলবার (৩১ মার্চ) রাতে কুমার পাড়ায় গেলে সাকিব দলবল নিয়ে তাদের উপর হামলা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে উভয় গ্রুপের লোকজন পরস্পরের উপর হামলার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় ওঁৎ পেতে অবস্থান নেয়। বিষয়টি জসিমের কানে আসলে তিনি ও টিপুসহ কয়েকজন মিলে তাৎক্ষণিকভাবে একটি সিএনজি চালিত অটোরিকশাযোগে তার অনিসারীদের উদ্ধারের জন্য কুমার পাড়ায় গেলে উভয় পক্ষের মধ্যে দ্বিতীয় দফায় সংঘর্ষ শুরু হয়। এতে জসিম ও সাকিবসহ আরও কয়েকজন আহত হন। আহত জসিম সেখান থেকে নতুনহাটে এসে এক পল্লী চিকিৎসকের শরণাপন্ন হন। তার আঘাত গুরুতর হওয়ায় পল্লী চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন।
স্থানীয়রা আরও জানান, এরপর জসিম ও টিপুসহ কয়েকজন মিলে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওয়ানা হন। এরপর তারা একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ধলির গোপাট এলাকায় পৌঁছালে স্বেচ্ছাসেবক দল নেতা মো. তারেকসহ ১৫ থেকে ২০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অটোরিকশাটি গতিরোধ করলে সেখানে তৃতীয় দফায় সংঘর্ষ হয়। এসময় দু'টি অটোরিকশা ভাঙচুর করা হয়। পরে এলাকাবাসী ও পরিবারের সদস্যরা মিলে তাদেরকে উদ্ধার করে পুনরায় নতুনহাট নিয়ে আসেন। পুরানগড়-চৌকিদার ফাঁড়ি ঘাট দিয়ে নৌকাযোগে সাঙ্গু নদী পার হয়ে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা হয়ে তারা সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছান। একই সময় বাজালিয়া-শীলঘাটা সড়ক হয়ে একটি অ্যাম্বুলেন্সযোগে সাকিব ও আলমসহ অন্যান্য আহতদের কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। পরে উভয় পক্ষের আহতদের পৃথকভাবে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আছেন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, এলাকায় বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধে জসিম উদ্দিন সোচ্চার ছিলেন। তিনি বিভিন্ন সালিসি বৈঠকে বিচারকের দায়িত্ব পালন করতেন এবং ছোটখাটো বিরোধ মীমাংসা করে দিতেন। এজন্য একালায় তার একটি গ্রহণযোগ্যতা রয়েছে।
এদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একটি ভিডিও বার্তায় জসিম উদ্দিন এ ঘটনাটি চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি কামরুল হাসান তালুকদারের ইন্দনে সংঘটিত হয়েছে বলে অভিযোগ করেছেন। অপরদিকে সাকিব এ ঘটনার মূলহোতা হিসেবে জসিমের নাম উল্লেখ করেছেন।
এ বিষয়ে জানতে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি কামরুল হাসান তালুকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি বর্তমানে সন্তানের অসুস্থতার কারণে চট্টগ্রাম নগরীতে অবস্থান করছি। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, জসিম একটি সালিসি বৈঠকে গিয়ে সাকিব ও আলমসহ আরও কয়েকজনের উপর হামলা করে দলবল নিয়ে ফিরে আসার সময় প্রতিপক্ষের লোকজন তাদের উপর হামলা করলে তারাও আহত হন। এখানে আমার কোন অনুসারী নাই। তারা উভয় পক্ষই আমার নিকটাত্মীয়। আমি ব্যক্তিগতভাবে এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
অপরদিকে দ্বিতীয় দফায় সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত সেচ্ছাসেবক দল নেতা মো. তারেকের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি এ ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রবাস সব খবর















