চট্টগ্রামের উন্নয়নে বড় পরিকল্পনা নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
সিভয়েস প্রতিবেদক
চট্টগ্রামের বন্দর, বিমানবন্দর, লজিস্টিকস, জ্বালানি ও শিল্প খাতের উন্নয়নে বড় পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এসব পরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর পূর্ণ সমর্থন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, চট্টগ্রামের উন্নয়নের সঙ্গে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন জড়িত।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে নগরের পলোগ্রাউন্ড মাঠে চিটাগাং চেম্বার আয়োজিত ৩২তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজনীয় পরিকল্পনা নেওয়া হচ্ছে। প্রতিটি অঞ্চলের নিজস্ব সম্ভাবনা রয়েছে। চট্টগ্রামের যে সম্ভাবনা রয়েছে, তা অন্য অঞ্চলে নেই। আবার অন্য অঞ্চলের সম্ভাবনাও চট্টগ্রামে নেই। তাই প্রতিটি এলাকার সম্ভাবনা কাজে লাগানোর লক্ষ্যেই অর্থনৈতিক পরিকল্পনা নেওয়া হয়েছে।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে ৮০ বিলিয়ন ডলারের ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্টের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এ চুক্তির আওতায় চট্টগ্রামের জন্য উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে। পরিকল্পিত লজিস্টিকস সেন্টার এবং চট্টগ্রামে হেলথ সিটি গড়ে তোলার পরিকল্পনায় এডিবির সমর্থন ও অর্থায়ন রয়েছে।
তিনি বলেন, এ অর্থায়ন কাঠামোয় বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা), কোরীয় প্রতিষ্ঠান ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক যুক্ত হচ্ছে। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ও পাঁচ বছর মেয়াদি উন্নয়ন পরিকল্পনার সঙ্গে আন্তর্জাতিক অংশীদারদের অর্থায়ন সমন্বয় করা হয়েছে। এতে পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে।
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে মহেশখালীতে পূর্ণাঙ্গ গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনার কথা জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, চট্টগ্রাম বন্দর নদীবন্দর হওয়ায় বড় জাহাজ চলাচল ও সরাসরি আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে। এ সীমাবদ্ধতা কাটাতে গভীর সমুদ্রবন্দর নির্মাণ করা হবে। খুলনাতেও আরেকটি গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে। সেখানে ১৫ থেকে ২০ মিটার ড্রাফট সুবিধা কাজে লাগানো হবে।
চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলের শিল্পকারখানা সচল রাখতে জ্বালানি খাতের সক্ষমতা বাড়ানো এবং এনার্জি হাব গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, গ্যাস সরবরাহ বাড়াতে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) আসছে। মহেশখালীতে শোর-বেইজড গ্যাস প্রকল্পে একটি কোরীয় কোম্পানি কাজ শুরু করেছে। একই ধরনের আরেকটি প্রকল্পে জাপানি কোম্পানি যুক্ত হচ্ছে। এসব উদ্যোগের সুফল পেতে আরও প্রায় দুই বছর সময় লাগবে।
দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে আমির খসরু বলেন, সরকার আগের সরকারের দুর্নীতির কারণে সৃষ্ট ঋণের চাপ মোকাবিলার পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যাংকিং খাত ও শেয়ারবাজার পুনর্গঠনের কাজ করছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে উচ্চমূল্যে জ্বালানি আমদানিও অর্থনীতিতে চাপ তৈরি করছে। এসব চ্যালেঞ্জের মধ্যেও সরকার সাহসী ও উচ্চাভিলাষী উন্নয়ন পরিকল্পনা নিয়েছে।
তিনি বলেন, লাভজনক প্রকল্পে অর্থায়নের কোনো সমস্যা নেই। জাপানি ও কোরীয় বিনিয়োগকারীরা বাংলাদেশে আসছেন। বিশ্বের বড় ইক্যুইটি বিনিয়োগকারীদেরও আগ্রহ তৈরি হচ্ছে। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
চট্টগ্রামকে দেশের অর্থনীতির কেন্দ্রীয় হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, চট্টগ্রামের মূল সম্ভাবনা বন্দরকে ঘিরে। বন্দরকে কেন্দ্র করেই দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। চট্টগ্রামের সব বন্দর পর্যায়ক্রমে বেসরকারি খাতে পরিচালনার দিকে যাচ্ছে। বৈশ্বিক মানের দক্ষতা ও সক্ষমতা অর্জনে বেসরকারি খাতের পরিচালনা গুরুত্বপূর্ণ।
চট্টগ্রাম বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে শিগগিরই কাজ শুরু হবে জানিয়ে তিনি বলেন, বিমানবন্দরের অবকাঠামো সম্প্রসারণের পাশাপাশি কার্গো ভিলেজ নির্মাণ করা হবে। শিল্পায়নের জন্য বন্দরকে লজিস্টিকস হাব হিসেবে গড়ে তোলার পাশাপাশি বিমানবন্দরকেও এ ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে।
মন্ত্রী আরও বলেন, বিমানবন্দরকেন্দ্রিক পণ্য পরিবহন ও সংরক্ষণব্যবস্থা গড়ে তুলতে ২০০ থেকে ৩০০ একর জমি চিহ্নিত করা হয়েছে। সেখানে ওয়্যারহাউস, পণ্য সংরক্ষণাগার ও পোর্ট চেইন-সংশ্লিষ্ট অবকাঠামো গড়ে তোলা হবে। এসব সুবিধা চট্টগ্রামের পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চলের ব্যবসা-বাণিজ্যেও সহায়তা করবে।
লজিস্টিকস খাত বেসরকারি বিনিয়োগের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে জানিয়ে আমির খসরু বলেন, এ খাতে বেসরকারি উদ্যোক্তারা বড় আকারে বিনিয়োগ করুক, সরকার সেটিই চায়।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













