অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি নিজামের
আনোয়ারা প্রতিনিধি
মাদক দেশের যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, বিশেষ করে মা-বোনদের সচেতন ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের আনোয়ারা সদর ইউনিয়নের রুদ্ররা গ্রামের বড়ুয়াপাড়া সার্বজনীন জেতবন বৌদ্ধবিহারে দানোত্তম কঠিন চীবর দান উৎসবের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরওয়ার জামাল নিজাম বলেন, ‘আমি সব সময় প্রান্তিক জনগোষ্ঠীর পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আপনারা আমাকে সহযোগিতা করে নির্বাচিত করেছেন। আপনাদের এই ভালোবাসা ও সমর্থন আমি কখনো ভুলব না।’
তিনি বলেন, ‘আমি অসাম্প্রদায়িক রাজনীতি ও গণতন্ত্রে বিশ্বাস করি। মুক্তিযুদ্ধের সময় হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান—সবাই ঐক্যবদ্ধ হয়ে বাঙালি হিসেবে দেশ স্বাধীন করেছেন। সেই চেতনায় আমাদের আবারও ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে।’
আনোয়ারা-কর্ণফুলীকে শিল্পসমৃদ্ধ এলাকা উল্লেখ করে সংসদ সদস্য বলেন, চায়না ইকোনমিক জোনসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। এসব সুযোগ কাজে লাগাতে তরুণদের লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জন করতে হবে। চাকরি কিংবা এলাকার যেকোনো সমস্যা নিয়ে জনপ্রতিনিধিদের জানালে সাধ্য অনুযায়ী সহযোগিতা করা হবে। সবাইকে সঙ্গে নিয়ে আনোয়ারা-কর্ণফুলীসহ দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে চান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আনোয়ারা উপজেলা শাখার সদস্যসচিব রাহুল ধর, উপজেলা যুবদলের সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রাশেদ আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













