Cvoice24.com

ছাত্রলীগ গ্রেপ্তার করলে পরিবারসহ নিশ্চিহ্নের হুমকি, ওসির জিডি

মিরসরাই প্রতিনিধি, সিভয়েস২৪
১৫:১৭, ২০ নভেম্বর ২০২৬
ছাত্রলীগ গ্রেপ্তার করলে পরিবারসহ নিশ্চিহ্নের হুমকি, ওসির জিডি

কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করলে পরিবারের সদস্যদের হত্যা এবং বংশ নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি পেয়েছেন চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম। হোয়াটসঅ্যাপে পাঠানো একাধিক বার্তায় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

জিডি সূত্রে জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টা ৫৩ মিনিট থেকে বিভিন্ন সময়ে দক্ষিণ আফ্রিকার কান্ট্রি কোডযুক্ত একটি নম্বর (+২৭৭৩৬৩৫৬৪২৩) থেকে ওসির সরকারি মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপে এসব হুমকিমূলক বার্তা পাঠানো হয়। নম্বরটিতে ইংরেজিতে ‘এন এম জামাল’ নাম ব্যবহার করা হয়েছে।

বার্তাগুলোর শুরুতে ওসির পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশের কথা বলা হলেও পরে সরাসরি হুমকি দেওয়া হয়। নিষিদ্ধ ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার না করার জন্য সতর্ক করে বলা হয়, গ্রেপ্তার করা হলে তার পরিবার ও বংশ নিশ্চিহ্ন করে দেওয়া হবে।

একটি বার্তায় লেখা হয়, ‘আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলে খবর আছে, পরিবার শেষ করে দেব, বংশ শেষ করে দেব।’

অন্য একটি বার্তায় দায়িত্ব পালন থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়ে বলা হয়, অন্যথায় তার জীবন ও জোরারগঞ্জ থানার নিরাপত্তা হুমকির মুখে পড়বে। সবশেষ বার্তায় তাকে উদ্দেশ করে লেখা হয়, ‘এটাই শেষ কথা। কাফনের কাপড় রেডি রাখিস, না হলে রাস্তায় পড়ে থাকবি।’

এমন একাধিক হুমকিমূলক বার্তা পাওয়ার পর নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে সাধারণ ডায়েরি করেন ওসি আব্দুল হালিম।

এ বিষয়ে ওসি আব্দুল হালিম বলেন, ‘থানার পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টহল কার্যক্রমে ছিলাম। ওই সময় মেসেজটি পাই।’

তিনি আরও বলেন, ‘দায়িত্ব পালন করতে গিয়ে সাধারণত একটি গোষ্ঠী আমাদের নানা প্রতিবন্ধকতা তৈরি করতে চায়। তবে আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব। নম্বরটি দেশ থেকে ব্যবহার করা হতে পারে, তবে বিদেশ থেকে ব্যবহারের সম্ভাবনা বেশি। বিদেশি নম্বর হওয়ায় শনাক্ত করতে সময় লাগবে। আমি এসব হুমকিতে ভয় পাই না।’
 

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর