Cvoice24.com

মিরসরাইয়ে হাইওয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, আহত ৬

মিরসরাই প্রতিনিধি
১৩:৪০, ২০ নভেম্বর ২০২৬
মিরসরাইয়ে হাইওয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, আহত ৬

চট্টগ্রামের মিরসরাইয়ে হাইওয়ে পুলিশের একটি টহল গাড়িকে পেছন থেকে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী বাস। এতে পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর সোনাপাহাড় এলাকায় চিনকি আস্তানা বাবুর তেলের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী লেনে টহল দেওয়ার সময় হাইওয়ে পুলিশের গাড়িটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় সোহাগ এলিট পরিবহনের একটি বাস। এতে পুলিশের টহল গাড়িটি দুমড়েমুচড়ে যায়। গাড়িতে থাকা এসআই মিল্টন, এএসআই সালাহ উদ্দিন, কনস্টেবল শফিক, কনস্টেবল রানা, আরিফ ও সাফায়েত আহত হন।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কনস্টেবল শফিককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, দুর্ঘটনায় ছয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর