বয়সের জটিলতায় অনিশ্চিত শিশুদের ভর্তি, পিছিয়ে পড়ার শঙ্কায় অভিভাবকেরা
সিভয়েস২৪ প্রতিবেদক
রহমান সাহেবের মেয়ে এবার চতুর্থ শ্রেণি পেরিয়ে পঞ্চম শ্রেণিতে ওঠার অপেক্ষায়। নিয়মিত পড়াশোনা করে চতুর্থ শ্রেণি উত্তীর্ণ হলেও নতুন ভর্তি নীতিমালা অনুযায়ী পঞ্চম শ্রেণিতে ভর্তির জন্য প্রয়োজনীয় ১০ বছর বয়স পূর্ণ হতে তার মেয়ের আরও প্রায় তিন মাস বাকি। ফলে মেয়ের পরবর্তী শ্রেণিতে ভর্তি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।
একই ধরনের উদ্বেগে রয়েছেন ফয়সাল নামে আরেক শিশুর বাবা। নতুন নীতিমালা অনুযায়ী প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ছয় বছর নির্ধারণ করা হয়েছে। কিন্তু বয়স গণনার নির্ধারিত তারিখে ছয় বছর পূর্ণ হতে তার সন্তানের আরও দুই মাস বাকি। ফলে ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তিনি।
শুধু রহমান বা ফয়সাল নন, বয়সসীমার সামান্য ব্যবধানের কারণে এমন দুশ্চিন্তায় রয়েছেন অনেক অভিভাবক। তাদের আশঙ্কা, নতুন বয়সভিত্তিক ভর্তি নীতিমালার কারণে কোনো কোনো শিশুকে এক বছর অপেক্ষা করতে হতে পারে। এ পরিস্থিতিতে প্রথম ও পঞ্চম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বয়স শিথিল এবং পূর্ববর্তী ভর্তি নীতির আওতায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
অভিভাবকদের দাবি, ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ছয় বছর পূর্ণ হতে অন্তত তিন মাস বাকি থাকা শিশুদের বয়স শিথিল করতে হবে। একই সঙ্গে পূর্ববর্তী ভর্তি নীতির আওতায় প্রথম শ্রেণিতে ভর্তি হয়ে নিয়মিত পড়াশোনা করে চতুর্থ শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বিশেষ বয়স ছাড় দিতে হবে।
এ দাবিতে প্রধানমন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এবং মন্ত্রণালয়ের সচিব বরাবর গণআবেদন দেওয়ার উদ্যোগ নিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিভাবকেরা।
অভিভাবকদের প্রস্তাব অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ থেকে ৭ বছর নির্ধারণ করা হলেও বয়স গণনার নির্দিষ্ট তারিখে ছয় বছর পূর্ণ হতে এক বা দুই মাস বাকি থাকা শিশুরা ভর্তি থেকে বঞ্চিত হতে পারে। এসব শিশুকে পরবর্তী শিক্ষাবর্ষ পর্যন্ত অপেক্ষা করতে হলে শিক্ষাজীবনের শুরুতেই প্রায় এক বছর পিছিয়ে পড়ার পরিস্থিতি তৈরি হবে। এ কারণে নির্ধারিত বয়সসীমা বহাল রেখে অন্তত তিন মাস বয়স শিথিলতার সুযোগ চান তাঁরা।
তাদের আশঙ্কা, বয়সের সামান্য ব্যবধানের কারণে ভর্তি হতে না পারা শিশুদের পরবর্তী বছর প্রথম শ্রেণিতে ভর্তি হতে হলে বয়সের সঙ্গে শ্রেণির ব্যবধান বেড়ে যেতে পারে। এতে একই শ্রেণিতে শিক্ষার্থীদের বয়সের উল্লেখযোগ্য পার্থক্য তৈরি হওয়ার পাশাপাশি মানসিক বিকাশ, শিক্ষাগত অগ্রগতি ও স্বাভাবিক শিক্ষাজীবনেও প্রভাব পড়তে পারে। বয়সের শর্ত পূরণ না হওয়ায় শিক্ষাজীবন শুরু করতে একটি বছর অপেক্ষা করানো কতটা যৌক্তিক, তা পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন অভিভাবকেরা।
একই ধরনের উদ্বেগ রয়েছে পঞ্চম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রেও। পূর্ববর্তী ভর্তি ব্যবস্থার আওতায় অনেক শিশু প্রায় পাঁচ বছর নয় মাস বা কাছাকাছি বয়সে প্রথম শ্রেণিতে ভর্তি হয়েছিল। বিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুসরণ করে তারা নিয়মিত পড়াশোনা করেছে এবং ধারাবাহিকভাবে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে। এসব শিক্ষার্থী ২০২৬ শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণি সম্পন্ন করছে। কিন্তু ২০২৭ শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণিতে ভর্তির জন্য নির্ধারিত ১০ থেকে ১১ বছর বয়সের শর্ত পূরণ করতে না পারায় তাদের অনেকের ভর্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
অভিভাবকদের দাবি, এসব শিক্ষার্থীর কারও কারও বয়স নির্ধারিত সীমার চেয়ে মাত্র তিন থেকে চার মাস কম। নিয়মিত পড়াশোনা করে চতুর্থ শ্রেণি উত্তীর্ণ হওয়ার পরও শুধু বয়সের সামান্য ব্যবধানের কারণে পঞ্চম শ্রেণিতে ভর্তি হতে না পারলে তাদের এক বছর পিছিয়ে পড়তে হবে। এতে অর্জিত শিক্ষাগত অগ্রগতি ব্যাহত হওয়ার পাশাপাশি ভবিষ্যতে অন্য বিদ্যালয়ে ভর্তি ও শ্রেণি বিন্যাসেও জটিলতা দেখা দিতে পারে।
বিশেষ করে অনেক বিদ্যালয়ে ষষ্ঠ বা সপ্তম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। এসব বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে পড়তে অন্য বিদ্যালয়ে যেতে হয়। পঞ্চম শ্রেণিতে বয়সের কারণে ভর্তি হতে না পারলে পরবর্তী বিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়াতেও অনিশ্চয়তা তৈরি হতে পারে। ফলে নতুন বয়সের শর্ত শুধু বর্তমান শ্রেণিতে ভর্তিই নয়, শিক্ষার্থীদের পরবর্তী শিক্ষাপথেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অভিভাবকেরা।
তারা বলছেন, শিক্ষার্থীরা যখন প্রথম শ্রেণিতে ভর্তি হয়েছিল, তখন অনেক বিদ্যালয়ে বর্তমান বয়সসংক্রান্ত বিধান কার্যকর ছিল না; বরং আগের ভর্তি পদ্ধতি অনুসরণ করা হতো। পরে নতুন বয়সনীতি কার্যকর হলেও পূর্ববর্তী নীতির আওতায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য কোনো অন্তর্বর্তীকালীন ব্যবস্থা রাখা হয়নি। অভিভাবকদের মতে, নতুন নীতিমালা ভবিষ্যতের ভর্তি কার্যক্রম নিয়ন্ত্রণ করতে পারে, তবে আগে থেকেই ভর্তি হয়ে নিয়মিত পড়াশোনা করে শ্রেণি উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের শিক্ষাজীবন যেন বাধাগ্রস্ত না হয়, তা নিশ্চিত করা প্রয়োজন।
অভিভাবকদের মতে, বয়সের কয়েক মাসের ব্যবধান কোনো শিক্ষার্থীর শিক্ষাগত যোগ্যতা বা পরবর্তী শ্রেণিতে পড়ার সক্ষমতার পার্থক্য নির্দেশ করে না। বরং আগের শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার প্রমাণ, নিয়মিত উপস্থিতি, বিদ্যালয়ের মূল্যায়ন ও ভর্তি রেকর্ডের ভিত্তিতে শিক্ষার্থীর অগ্রগতি বিবেচনা করা অধিক বাস্তবসম্মত। নতুন বয়সনীতির উদ্দেশ্য শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিত করা হলেও এর প্রয়োগে পূর্ববর্তী শিক্ষার্থীদের অর্জিত অগ্রগতি ও বাস্তব পরিস্থিতিও বিবেচনায় নেওয়া প্রয়োজন।
গণআবেদনে প্রথম শ্রেণিতে ভর্তির নির্ধারিত বয়স ৬–৭ বছর বহাল রেখে বয়স গণনার নির্দিষ্ট তারিখে ছয় বছর পূর্ণ হতে অন্তত তিন মাস বাকি থাকা শিশুদের ভর্তি সুযোগ দেওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি ২০২৬ শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীদের পূর্ববর্তী ভর্তি রেকর্ড ও বিদ্যালয়ের প্রত্যয়নপত্রের ভিত্তিতে পঞ্চম শ্রেণিতে ভর্তির সুযোগ এবং নির্ধারিত বয়সসীমার তুলনায় তিন থেকে চার মাস কম বয়সী শিক্ষার্থীদের বিশেষ ছাড় দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া পূর্ববর্তী ভর্তি নীতির আওতায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য অন্তর্বর্তীকালীন ব্যবস্থা প্রণয়ন এবং সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে বয়স শিথিলতার বিষয়ে অভিন্ন নির্দেশনা জারির আহ্বান জানানো হয়েছে।
অভিভাবকদের দাবি, বয়সভিত্তিক ভর্তি নীতির উদ্দেশ্যকে সম্মান জানিয়েই বাস্তব পরিস্থিতি বিবেচনায় বিশেষ ছাড় দেওয়া প্রয়োজন। জন্মতারিখের সামান্য ব্যবধান কিংবা পূর্ববর্তী ভর্তি নীতির আওতায় অর্জিত শিক্ষাগত অগ্রগতির কারণে যেন কোনো শিশু এক বছর পিছিয়ে না পড়ে, শিক্ষাজীবনের ধারাবাহিকতা হারিয়ে না ফেলে বা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়—এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন তারা।
শিক্ষা সব খবর















