Cvoice24.com

বুধবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি, বৃহস্পতিবার খোলা 

সিভয়েস২৪ ডেস্ক
১১:১২, ২২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি, বৃহস্পতিবার খোলা 

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তারিখ নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির অবসান হয়েছে। সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী, বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। তবে এর পরদিন বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) যথারীতি শ্রেণি কার্যক্রম চলবে।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ একটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা আংশিক সংশোধন করা হয়েছে। সংশোধিত তালিকা অনুযায়ী, ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে নির্ধারিত ছুটি ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ২৩ সেপ্টেম্বর করা হয়েছে।

এর আগে, মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকায় ২৪ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি নির্ধারিত ছিল। পরে চাঁদ দেখার ভিত্তিতে দিবসটির তারিখ ২৩ সেপ্টেম্বর নির্ধারিত হওয়ায় ছুটির দিনেও পরিবর্তন আনা হয়।

সরকারি নির্দেশনা অনুযায়ী, বুধবার ছুটির পর বৃহস্পতিবার সব শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীকে নিয়মিত প্রাতিষ্ঠানিক কার্যক্রমে অংশ নিতে হবে। তবে বৃহস্পতিবারের পর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় কোনো প্রতিষ্ঠান চাইলে প্রধানের সংরক্ষিত ছুটি ব্যবহার করে ওই দিনও ছুটি ঘোষণা করতে পারবে।

সেক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা বুধবার থেকে শনিবার পর্যন্ত টানা চার দিনের ছুটি ভোগের সুযোগ পাবেন।

সংশোধিত ছুটির এ নির্দেশনা দেশের সরকারি ও বেসরকারি কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

শিক্ষা সব খবর