Cvoice24.com

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে, আবেদন জানুয়ারিতে

সিভয়েস২৪ ডেস্ক
১২:২৪, ১০ নভেম্বর ২০২৬
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে, আবেদন জানুয়ারিতে

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম আগামী জানুয়ারি মাসে শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আর ভর্তি পরীক্ষা শুরু হতে পারে ফেব্রুয়ারি থেকে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

এর আগে, সকালে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি ও সংশ্লিষ্ট বিষয়ে ইউজিসিতে উপাচার্যদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের স্বার্থ, ভর্তি পরীক্ষার সূচিতে সমন্বয়, এইচএসসি পরীক্ষার পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশসহ ভর্তি প্রক্রিয়া সুশৃঙ্খল করার বিষয়ে সভায় আলোচনা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন এবং সম্পূরক পরীক্ষার চূড়ান্ত ফল আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এরপর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম শুরু হবে। খাতা পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

ইউজিসি চেয়ারম্যান জানান, বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করবে। ইতিমধ্যে যেসব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ করেছে, সেগুলো জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

বিশেষ করে একাধিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ যেন একই দিনে না পড়ে এবং আসন্ন পবিত্র রমজানের বিষয়টি বিবেচনায় রেখে সূচি নির্ধারণের অনুরোধ জানানো হয়েছে। এতে শিক্ষার্থীরা বেশি সংখ্যক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৫ সালে সাড়ে সাত লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পাস করলেও চলতি বছর উত্তীর্ণের সংখ্যা ছয় লাখের কিছু বেশি। সঠিক ও বস্তুনিষ্ঠ মূল্যায়নের কারণে এবার পাসের সংখ্যা কিছুটা কমেছে। তবে উচ্চশিক্ষায় ভর্তির জন্য পর্যাপ্ত আসন রয়েছে।

ইউজিসির তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি মিলিয়ে প্রায় ১৮০টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মূল ক্যাম্পাসে আসন রয়েছে প্রায় ৬৩ হাজার। এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য অধিভুক্ত প্রতিষ্ঠানে ১০ লাখের বেশি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে চার লাখের বেশি আসন রয়েছে।