হজে কোটা বাড়ল ৫ হাজার, যেতে পারবেন ৮৩,৫০০ বাংলাদেশি
সিভয়েস২৪ ডেস্ক
সৌদি আরবের সঙ্গে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী, আগামী বছর বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। বাংলাদেশের বিশেষ অনুরোধে সৌদি আরব অতিরিক্ত ৫ হাজার হজযাত্রীর কোটা বরাদ্দ করেছে।
সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদি আরবের জেদ্দায় দুই দেশের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ চুক্তিতে সই করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে দুই মন্ত্রীর মধ্যে বিস্তারিত আলোচনা হয়।
চুক্তি শেষে ধর্মমন্ত্রী জানান, বাংলাদেশের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তাৎক্ষণিকভাবে হজের কোটা আরও ৫ হাজার বাড়ানোর সিদ্ধান্ত নেন। এতে ২০২৭ সালের জন্য বাংলাদেশের মোট হজযাত্রীর কোটা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৫০০ জনে।
ধর্মমন্ত্রী আরও জানান, হজের কোটা নির্ধারণের ক্ষেত্রে সৌদি আরবের মিনায় তাঁবুর ধারণক্ষমতার সীমাবদ্ধতার বিষয়টি আলোচনায় উঠে আসে। তবে কোনো দেশ নির্ধারিত কোটা অনুযায়ী হজযাত্রী পাঠাতে না পারলে কিংবা কোনো দেশের কোটা বাতিল হলে সেই কোটা অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে দেওয়ার বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী।
এ প্রসঙ্গে সৌদি মন্ত্রী বাংলাদেশের জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, ‘তোমাদের (বাংলাদেশের) জন্য যা করার দরকার আমরা করব।’
হজ কোটা বৃদ্ধি ও সার্বিক সহযোগিতার জন্য সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ধর্মমন্ত্রী। এ সময় তিনি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বের প্রশংসা করেন। পাশাপাশি সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও সেবামুখী করতে কাজ করছে। হজযাত্রীদের সেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সৌদি হজ ও ওমরাহ সহকারী মন্ত্রী ড. আল হাসান আল মোনাখা, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন, জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলামসহ দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগের বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেন।
ধর্ম সব খবর















