Cvoice24.com

 বন্ধ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান
পবিত্র আখেরি চাহার সোম্বা আজ

সিভয়েস২৪ ডেস্ক
১১:৩৫, ১২ আগস্ট ২০২৬
পবিত্র আখেরি চাহার সোম্বা আজ

আজ বুধবার (১২ আগস্ট) পবিত্র আখেরি চাহার সোম্বা। হিজরি সনের সফর মাসের শেষ বুধবারকে মুসলিম সমাজে আখেরি চাহার সোম্বা বলা হয়। দিনটি উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান আজ বন্ধ রয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকায় আখেরি চাহার সোম্বা উপলক্ষে একদিনের ছুটি রাখা হয়েছে। এর আওতায় রয়েছে সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত সব কলেজ বন্ধ থাকবে। একইভাবে দেশের সব বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পৃথক বিজ্ঞপ্তিতে ছুটি ঘোষণা করেছে।

তবে আখেরি চাহার সোম্বা উপলক্ষে দেশে কোনো সাধারণ সরকারি ছুটি নেই। দিনটি সরকারি ছুটির তালিকায় ঐচ্ছিক ছুটি হিসেবে অন্তর্ভুক্ত।

আখেরি চাহার সোম্বা কী?

‘আখেরি চাহার সোম্বা’ শব্দটি আরবি ও ফারসি শব্দের সমন্বয়ে গঠিত। ‘আখেরি’ অর্থ শেষ, ‘চাহার’ অর্থ চার এবং ‘শোম্বা’ অর্থ বুধবার। অর্থাৎ, আখেরি চাহার সোম্বা বলতে সফর মাসের শেষ বুধবারকে বোঝানো হয়।

প্রচলিত ধর্মীয় বর্ণনা অনুযায়ী, সফর মাসের শেষ বুধবার রাসুলুল্লাহ (সা.) অসুস্থতা থেকে কিছুটা সুস্থতা অনুভব করেছিলেন। তাঁর সুস্থতার খবরে সাহাবায়ে কেরাম আনন্দিত হয়ে শুকরিয়া আদায় ও দান-সদকা করেছিলেন—এমন মত প্রচলিত রয়েছে।

এ কারণে অনেক মুসলিম এ দিনকে শুকরিয়া আদায়ের দিন হিসেবে পালন করেন। বিভিন্ন স্থানে দোয়া, মিলাদ মাহফিল, ওয়াজ-নসিহত, জিকির-আজকার, মোনাজাত ও দান-খয়রাতের আয়োজন করা হয়।