পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
আজ পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম। বুধবার (২৩ সেপ্টেম্বর) পবিত্র এ দিনটি উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আজ শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে দিনটি সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের জন্য সাধারণ ছুটির দিন নয়। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকলেও সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বিমা ও করপোরেট প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম চলছে।
শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষে ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটি ২৪ সেপ্টেম্বর নির্ধারিত ছিল। পরে তারিখ পরিবর্তন করে ২৩ সেপ্টেম্বর করা হয়।
রবিবার (২০ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় ফাতেহা-ই-ইয়াজদাহমের তারিখ সংশোধন করে ২৩ সেপ্টেম্বর নির্ধারণের কথা জানানো হয়।
এর ফলে সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা আজ ছুটি ভোগ করছেন।
ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আজ সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য সাধারণ ছুটি নেই। তাদের জন্য দিনটি নিয়মিত কর্মদিবস হিসেবে গণ্য হবে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে কেউ চাইলে ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।
একইভাবে বেসরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানেও আজ স্বাভাবিক কার্যক্রম চলবে। ব্যাংক, বীমা, করপোরেট অফিসসহ অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের জন্যও এ দিন সাধারণ ছুটি প্রযোজ্য নয়।
‘ইয়াজদাহম’ শব্দের অর্থ এগারো এবং ‘ফাতেহা’ অর্থ দোয়া করা। ইসলামের অন্যতম প্রচারক ও সুফি সাধক হজরত আবদুল কাদের জিলানী (র.)-এর ওফাত দিবস উপলক্ষে মুসলমানদের দোয়া ও ধর্মীয় আয়োজনকে ফাতেহা-ই-ইয়াজদাহম বলা হয়।
ইসলামের ইতিহাস অনুযায়ী, হিজরি ৫৬১ সালের ১১ রবিউস সানি হজরত আবদুল কাদের জিলানী (র.) ইন্তেকাল করেন। বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করে থাকেন।
ধর্ম সব খবর















