শুভ জন্মাষ্টমী আজ
সিভয়েস২৪ ডেস্ক
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আজ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দেশজুড়ে জন্মাষ্টমী পালন করছে হিন্দু সম্প্রদায়। এ উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।
হিন্দু পুরাণ মতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন মানবজাতির কল্যাণ ও ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে।
তাদের আরও বিশ্বাস, দুষ্টের দমন ও সত্য-সুন্দর প্রতিষ্ঠার জন্য যুগে যুগে ভগবান মানুষের মধ্যে আবির্ভূত হন।
জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর সার্বজনীন পূজা কমিটি, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন ব্যাপক কর্মসূচি পালন করছে।
দিনটি উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। জন্মাষ্টমীর তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি স্যাটেলাইট চ্যানেলগুলোতে বিশেষ অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে।
শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে মহানগর সার্বজনীন পূজা কমিটি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয়ভাবে নানা কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ৮টায় দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডের শংকর মঠ ও মিশন এ গীতাযজ্ঞ পরিচালনা করে।
এ ছাড়া আজ বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিল এবং রাতে শ্রীকৃষ্ণ পূজা।
এদিকে, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) ৩ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী কর্মসূচি পালন করছে।
কর্মসূচির মধ্যে রয়েছে শ্রীমদ্ভাগবত পাঠ, ভজন কীর্তন, ভোগ আরতি, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় নাটক, কীর্তন ও মেলা।
ধর্ম সব খবর















