Cvoice24.com

পবিত্র ঈদে মিলাদুন্নবী আজদ, চট্টগ্রামে ৫৫তম জশনে জুলুস

সিভয়েস২৪ ডেস্ক
০০:৩৪, ২৬ আগস্ট ২০২৬
পবিত্র ঈদে মিলাদুন্নবী আজদ, চট্টগ্রামে ৫৫তম জশনে জুলুস

আজ বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মরণে মুসলিম উম্মাহর কাছে দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দিনটি পালিত হচ্ছে।

৫৭০ খ্রিষ্টাব্দের ১২ রবিউল আউয়াল সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলো করে জন্মগ্রহণ করেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। ৬৩ বছর বয়সে একই দিনে তিনি মদিনায় ইন্তেকাল করেন। দিনটি মুসলিম সম্প্রদায়ের কাছে পবিত্র ঈদে মিলাদুন্নবী হিসেবে পরিচিত।

মহানবীর জন্মের আগে আরব সমাজে অরাজকতা, হানাহানি, মূর্তিপূজা ও নানা অনাচার বিরাজ করছিল। ইতিহাসে এ সময়কে ‘আইয়ামে জাহেলিয়াত’ হিসেবে উল্লেখ করা হয়। মানবজাতিকে সেই অন্ধকার থেকে আলোর পথে আনতে মহান আল্লাহ তাকে পৃথিবীতে প্রেরণ করেন।

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ সরকারি ছুটি। দিনটি পালনে সরকার ও বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচি নিয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ওয়াজ মাহফিল, সেমিনার, মিলাদ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। 

জাতীয় কর্মসূচির অংশ হিসেবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর বাণীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহনশীলতা, ভালোবাসা ও মানবিকতার আদর্শে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, বর্তমান যুদ্ধ, সংঘাত, হিংসা, বৈষম্য ও অসহিষ্ণুতায় বিপর্যস্ত বিশ্বে মহানবী (সা.)-এর শান্তি, ন্যায়, সহনশীলতা, ভালোবাসা ও মানবিকতার আদর্শ আরও বেশি প্রাসঙ্গিক। তার আদর্শ অনুসরণ করে হিংসা, বিদ্বেষ, বিভেদ ও অন্যায় পরিহার করে শান্তি, সম্প্রীতি, সাম্য ও মানবিকতার ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ে তোলার আহ্বান জানান রাষ্ট্রপতি।

প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাণীতে মহানবী (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, মহানবীর আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে। তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামে আজ অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী ৫৫তম জশনে জুলুস। সকাল ৮টায় নগরের ষোলশহরের আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া থেকে জুলুসটি শুরু হবে।

আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আয়োজিত এ জুলুসের নেতৃত্ব দেবেন সৈয়দ মুহাম্মদ সাবির শাহ। অতিথি হিসেবে থাকবেন সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ ও সৈয়দ মুহাম্মদ আকিব শাহ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী, জুলুসটি ষোলশহর থেকে মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড়, ওয়াসা, দামপাড়া ও লালখান বাজার হয়ে টাইগারপাস মোড়ে যাবে। এরপর একই পথে ফিরে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন জুলুস ময়দানে গিয়ে শেষ হবে।

এবার জুলুসের রুটে নতুন করে টাইগারপাসকে যুক্ত করা হয়েছে। গত দুই বছর নিরাপত্তাজনিত কারণে জুলুস ষোলশহর, মুরাদপুর, ২ নম্বর গেট ও জিইসি মোড়কেন্দ্রিক ছিল।

জুলুস চলাকালে যান চলাচল নিয়ন্ত্রণে লালখান বাজার থেকে মুরাদপুর পর্যন্ত ফ্লাইওভার বন্ধ রাখবে সিএমপি। ফলে ওই সড়কে যান চলাচল ব্যাহত হতে পারে। এ সময় নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

জশনে জুলুসকে কেন্দ্র করে সিএমপি একটি গণবিজ্ঞপ্তিও জারি করেছে। এতে জনশৃঙ্খলা বজায় রাখতে চট্টগ্রাম মহানগর এলাকায় সব ধরনের অস্ত্র বহন, প্রদর্শন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে মানুষ বা মূর্তি ও কুশপুত্তলিকা প্রদর্শনও নিষিদ্ধ করা হয়েছে।

জশনে জুলুসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার বিকেলে দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে সিএমপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।

ব্রিফিংয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সর্বোচ্চ সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন সিএমপি কমিশনার। একই সঙ্গে দায়িত্ব পালনের সময় সতর্কতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

ব্রিফিং প্যারেডে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, উপপুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, প্রতি বছর ১২ রবিউল আউয়াল উপলক্ষে চট্টগ্রামে জশনে জুলুস অনুষ্ঠিত হয়। নগর ও জেলার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ এতে অংশ নেন। আয়োজকদের প্রত্যাশা, এবারও জুলুসে লাখো মানুষের সমাগম হবে। বিপুল জনসমাগমকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত ও যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।