২০২৭ সালে রমজান শুরু কবে, জানাল গালফ নিউজ
আন্তর্জাতিক ডেস্ক
পবিত্র রমজান মাস শুরু হতে এখনো কয়েক মাস বাকি। তবে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, রমজান মাস ২৯ নাকি ৩০ দিনের হবে, তার ওপর নির্ভর করে আগামী বছরের ৯ অথবা ১০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হতে পারে। তবে রমজান শুরুর দিন ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করবে।
সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানান, আগামী রমজান শুরু হওয়ার আগে ইসলামী চন্দ্র বর্ষপঞ্জির আরও চারটি চন্দ্র মাস অতিক্রম করবে।
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের মাধ্যমে রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ সম্পর্কে আগাম ধারণা পাওয়া গেলেও ধর্মীয় রীতি অনুযায়ী, চাঁদ দেখার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ধর্ম সব খবর















