Cvoice24.com

ওডিশায় আঘাত হেনেছে ‘আকভান’, বাংলাদেশে বৃষ্টির পূর্বাভাস

সিভয়েস২৪ ডেস্ক
১৬:০৯, ২০ নভেম্বর ২০২৬
ওডিশায় আঘাত হেনেছে ‘আকভান’, বাংলাদেশে বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ ভারতের ওডিশা উপকূলে আঘাত হেনেছে। শুক্রবার (২০ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে রাজ্যটির গোপালপুর এলাকায় ঝড়টি উপকূলে প্রবেশ করে। উপকূল অতিক্রম করতে ঘূর্ণিঝড়টির প্রায় তিন ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) তথ্য অনুযায়ী, শুরুতে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে চিহ্নিত হলেও বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে শক্তি হারিয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয় ‘আকভান’। শুক্রবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে ৮টা ৩০ মিনিটের মধ্যে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার গতিতে এবং দমকা হাওয়ায় সর্বোচ্চ ৯০ কিলোমিটার বেগে এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূল অতিক্রম করে।

ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথ নিয়ে শুরুতে অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানার পূর্বাভাস দেওয়া হলেও পরে তা পরিবর্তিত হয়ে ওডিশার পুরী ও গোপালপুরের মধ্যবর্তী উপকূলীয় এলাকায় আঘাত হানার কথা জানানো হয়।

এদিকে, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ১১টার মধ্যে ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করতে পারে। স্থলভাগে প্রবেশের সময় ঝড়ের গতিবেগ কমে এলেও উপকূলীয় এলাকায় প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড়টির প্রভাবে বৃহস্পতিবার থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। একই সময়ে দেশের সর্বোচ্চ ১২৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে যশোরে।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, শুক্রবারও দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঢাকা, খুলনা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। শনিবারও দেশের কোনো কোনো এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।