টকশোতে আ. লীগের পক্ষে বক্তব্য দেওয়া ব্যক্তিদের হুঁশিয়ারি
সিভয়েস২৪ প্রতিবেদক
বিভিন্ন টকশো ও অনলাইন প্ল্যাটফর্মে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দেওয়া ব্যক্তিদের সতর্ক করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। গণপ্রতিরোধের সময় তাদেরও রেহাই দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন হেফাজতে ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান। বিবৃতিটি গণমাধ্যমে পাঠান সংগঠনটির যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী।
বিবৃতিতে হেফাজতের নেতারা অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয়। দলটির নেতাকর্মীরা ভারতে পালিয়ে গিয়ে আধিপত্যবাদের এজেন্ট হিসেবে নিজেদের প্রমাণ করেছেন। তাদের দাবি, ভারতের মদদে আওয়ামী লীগ আবারও দেশজুড়ে জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।
আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, দলটির আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া হবে না। বিভিন্ন টকশো ও প্ল্যাটফর্মে আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দেওয়া ব্যক্তিদেরও সতর্ক করা হয়। গণপ্রতিরোধের সময় তাদের রেহাই দেওয়া হবে না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
হেফাজতের নেতারা আরও বলেন, আওয়ামী সন্ত্রাসবাদ ও ফ্যাসিবাদ নির্মূল করা না হলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অরক্ষিত থাকবে। গণহত্যার দায়ে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার দাবিও জানান তারা।
বিবৃতিতে পিলখানা ও শাপলা চত্বরের হত্যাকাণ্ড, মোদিবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের গণআন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের আকাঙ্ক্ষার বাইরে আওয়ামী লীগের বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানানো হয়।
রাজনীতি সব খবর















