হেফাজতের মধ্যস্থতায় সাত দলের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম, যুক্ত জামায়াতের জোটের দুই দল
সিভয়েস২৪ প্রতিবেদক
হেফাজতে ইসলামের মধ্যস্থতায় কওমি ঘরানার সাতটি রাজনৈতিক দল নিয়ে ‘সমমনা ইসলামী দল’ নামে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঢাকার খিলগাঁওয়ের মাখজানুল উলুম মাদ্রাসায় দলগুলোর নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। নতুন প্ল্যাটফর্মে যোগ দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যে থাকা বাংলাদেশ খেলাফত মজলিস ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
নতুন প্ল্যাটফর্মের অন্য পাঁচটি দল হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ খেলাফত আন্দোলন।
বৈঠকে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান। বৈঠকে হেফাজতে ইসলামের তিন নেতাও উপস্থিত ছিলেন। সেখানে সাতটি দলের প্রতিটি থেকে তিনজন করে প্রতিনিধি নিয়ে মোট ২১ সদস্যের একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে।
দলগুলোর নেতারা জানান, পারস্পরিক সমন্বয় জোরদার এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করার লক্ষ্য নিয়ে এ প্ল্যাটফর্ম গঠিত হয়েছে। এ উদ্যোগে হেফাজতে ইসলাম ভূমিকা রাখছে।
হেফাজতের নেতারা জানিয়েছেন, তাঁরা সরাসরি কোনো রাজনৈতিক জোটের নেতৃত্ব দেবেন না; বরং অভিভাবক বা মুরুব্বির ভূমিকা পালন করবেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন সাংবাদিকদের বলেন, হেফাজতে ইসলামের সহযোগিতায় সাতটি দল একটি অভিন্ন ব্যানারে একত্র হয়েছে। জোটের পূর্ণাঙ্গ কাঠামো ও কর্মপরিকল্পনা চূড়ান্ত না হওয়া পর্যন্ত হেফাজতের শীর্ষ নেতারা তাঁদের সহযোগিতা করবেন।
তিনি জানান, আগামী ৫ ডিসেম্বর পরবর্তী বৈঠকে এ বিষয়ে আরও আলোচনা হওয়ার কথা রয়েছে।
এর আগে গত জুলাইয়ে চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে কয়েকটি ইসলামী দলের নেতাদের বৈঠকের পর নতুন একটি প্ল্যাটফর্ম গঠনের আলোচনা শুরু হয়। সেই উদ্যোগের ধারাবাহিকতায় এবার সাতটি দলকে নিয়ে রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের সিদ্ধান্ত হলো।
রাজনীতি সব খবর















