Cvoice24.com

৩ ঘণ্টা দেরিতে ছাড়ল পাহাড়িকা এক্সপ্রেস, যাত্রীদের বিক্ষোভ

সিভয়েস২৪ প্রতিবেদক
১৫:৩৫, ২১ অক্টোবর ২০২৬
৩ ঘণ্টা দেরিতে ছাড়ল পাহাড়িকা এক্সপ্রেস, যাত্রীদের বিক্ষোভ

ইঞ্জিন-সংকটের কারণে নির্ধারিত সময়ে চট্টগ্রাম স্টেশন ছাড়তে পারেনি সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস। প্রায় তিন ঘণ্টা বিলম্বে ট্রেন ছাড়ায় স্টেশন মাস্টারের কক্ষের সামনে ও প্ল্যাটফর্মে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ যাত্রীরা।

বুধবার (২১ অক্টোবর) সকাল ৭টা ৫০ মিনিটে ট্রেনটির চট্টগ্রাম স্টেশন ছাড়ার কথা ছিল। তবে এটি সকাল ১০টা ৫০ মিনিটে যাত্রা শুরু করে।

জানা গেছে, ট্রেন ছাড়তে দেরি হওয়ায় স্টেশনমাস্টারের কক্ষের সামনে ৭০ থেকে ৮০ জন যাত্রী বিক্ষোভ করেন। এ সময় প্ল্যাটফর্মেও বিক্ষোভ করেন অনেকে। ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

যাত্রীদের অভিযোগ, পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন খুলে অন্য একটি ট্রেনে সংযুক্ত করা হয়েছিল। এ কারণে নির্ধারিত সময়ে ট্রেনটি ছাড়তে পারেনি। এতে কয়েকশ যাত্রীকে দীর্ঘ সময় প্ল্যাটফর্মে অপেক্ষা করতে হয়।

রেলওয়ে কর্মকর্তারা জানান, ইঞ্জিন-সংকটের কারণে পাহাড়িকা এক্সপ্রেস প্রায়ই সময়মতো চলাচল করতে পারছে না। সিলেট থেকে আসা ট্রেনের ইঞ্জিন প্রয়োজনীয় কার্যক্রম শেষে আবার সিলেটগামী ট্রেনে সংযুক্ত করতে হয়। এ প্রক্রিয়ার কারণে ট্রেন ছাড়তে বিলম্ব হচ্ছে।

চট্টগ্রাম রেল স্টেশনের স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার বলেন, ‘সিলেট থেকে আসা একটি ট্রেনের চট্টগ্রামে পৌঁছানোর কথা ছিল ভোর ৫টা ৩৫ মিনিটে। কিন্তু ট্রেনটি প্রায় দু’ঘণ্টা দেরিতে পৌঁছায়। এ কারণে চট্টগ্রাম থেকে পাহাড়িকা এক্সপ্রেস ছাড়তেও বিলম্ব হয়। ইঞ্জিন-সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’