Cvoice24.com

পৈত্রিক ভিটে নিয়ে বিরোধ, ভাতিজার ছুরিকাঘাতে চাচা আহত

সাতকানিয়া প্রতিনিধি, সিভয়েস২৪
১৩:৫০, ২০ অক্টোবর ২০২৬
পৈত্রিক ভিটে নিয়ে বিরোধ, ভাতিজার ছুরিকাঘাতে চাচা আহত

চট্টগ্রামের সাতকানিয়ায় পৈত্রিক ভিটে নিয়ে বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে আহমদ হোসেন প্রকাশ বুইল্যা (৪০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর কালিয়াইশ মলিয়াকুল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আহমদ হোসেন ওই এলাকার মৃত নুরুল ইসলাম প্রকাশ গুন্ডার ছেলে। তাকে উদ্ধার করে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজা আকিব হোসেন আঁকি (২৫) ও তার বাবা ফরিদ হোসেনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদ হোসেনের সঙ্গে তার ছোট ভাই আহমদ হোসেনের দীর্ঘদিন ধরে পৈত্রিক ভিটে নিয়ে বিরোধ চলে আসছিল। এর মধ্যে প্রায় এক সপ্তাহ আগে ফরিদের বড় ছেলে আতিকের বিরুদ্ধে এলাকার কয়েকজনের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সার্ভিস তার চুরির অভিযোগ ওঠে। এলাকার বিভিন্ন স্থানে স্থাপিত সিসিটিভি ক্যামেরায় এ ঘটনার দৃশ্য ধরা পড়ে বলে স্থানীয়রা জানান।

এ নিয়ে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা তৈরি হয়। আতিককে আটক করতে স্থানীয় কয়েকজন তার বাড়িতে গেলে আহমদ হোসেন এলাকাবাসীর পক্ষে কথা বলেন। এতে ফরিদ হোসেন ও তার ছেলে আকিব ক্ষুব্ধ হন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, পূর্বের পৈত্রিক ভিটে নিয়ে বিরোধের জেরে একপর্যায়ে আহমদ হোসেনের বসতঘর ভাঙচুর করা হয়। এ সময় আহমদ হোসেন ও তার পরিবারের সদস্যরা প্রতিবাদ করলে আকিব তার চাচার পেটে ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

স্থানীয় ইউপি সদস্য আবদুস শুক্কুর বলেন, ফরিদের দুই ছেলের বিরুদ্ধে মাদকাসক্তি ও বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার দাবি, এলাকায় প্রায়ই বৈদ্যুতিক তারসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম বলেন, চাচাকে ছুরিকাঘাতের ঘটনায় আকিব ও তার বাবাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।