Cvoice24.com

আনোয়ারায় স্প্রে পার্টির টাকা লুটের অভিযোগ, অনুসন্ধানে উঠে এল ভিন্ন তথ্য

আনোয়ারা প্রতিনিধি, সিভয়েস২৪
১৪:০৩, ১৯ অক্টোবর ২০২৬
আনোয়ারায় স্প্রে পার্টির টাকা লুটের অভিযোগ, অনুসন্ধানে উঠে এল ভিন্ন তথ্য

চট্টগ্রামের আনোয়ারায় এক যুবককে অচেতন করে ১ লাখ ২৭ হাজার টাকা লুটের অভিযোগের অনুসন্ধান করতে গিয়ে ভিন্ন তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, অনলাইন জুয়ায় টাকা হারানোর পর ছিনতাইয়ের অভিযোগ করেছিলেন ওই যুবক।

ওই যুবকের নাম মো. জাবেদ উদ্দিন নয়ন (২১)। তিনি আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের বাসিন্দা মো. মুসার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও এলাকায় সড়কের পাশে এক যুবককে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখেন আনোয়ারা ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. মুজিবুর রহমান জানান, শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনের দায়িত্ব পালন শেষে শনিবার রাতে তারা সড়কের পাশে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনার পর নারী স্প্রে পার্টির সদস্যরা ওই যুবককে অচেতন করে তার কাছ থেকে ১ লাখ ২৭ হাজার টাকা নিয়ে গেছেন বলে অভিযোগ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আনোয়ারা থানা-পুলিশ বিষয়টি অনুসন্ধান শুরু করে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়। ঘটনাস্থল পরিদর্শন, সিসিটিভি ফুটেজ যাচাই এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে অভিযোগের পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।

ওসি আরও বলেন, ওই যুবকের দেওয়া তথ্যের সঙ্গে পুলিশের অনুসন্ধানে পাওয়া তথ্যের মিল ছিল না। পরে তার মুঠোফোনের লক খুলে পরীক্ষা করে অনলাইন জুয়ার সাতটি ওয়েবসাইটের সন্ধান পাওয়া যায়। এ ছাড়া নগদ অ্যাকাউন্টের মাধ্যমে জুয়ার সাইটগুলোতে টাকা পাঠানোর তথ্যও পাওয়া যায়।

পুলিশ জানায়, একপর্যায়ে ওই যুবক অনলাইন জুয়ায় ১ লাখ ২৭ হাজার টাকা হারানোর কথা স্বীকার করেন।

পুলিশ জানায়, পরে ওই যুবককে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটানোর বিষয়ে তার কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়।