প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক
সিভয়েস২৪ ডেস্ক
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টার দিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ ঘোষণা দেন।
ইশরাক হোসেন বলেন, ‘দল যেন বিব্রত না হয়, সে জন্য প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’
এর আগে সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান তিনি। ওই পোস্টে তিনি বলেন, প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়ার পাশাপাশি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।
পদত্যাগের ঘোষণা দিলেও মাদকবিরোধী কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ইশরাক হোসেন। তিনি জানান, সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বিএনপির একজন কর্মী হিসেবে মাদক নির্মূলে আরও সক্রিয়ভাবে কাজ করতে চান।
এ ছাড়া পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা এবং দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বাড়াতে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও জানান তিনি।
উল্লেখ্য, সম্প্রতি ঢাকা-৬ আসনের আওতাধীন রাজধানীর গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে ইশরাক হোসেনের হাতে অস্ত্র দেখা যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে তাঁর পদত্যাগের বিষয়টি সামনে আসে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














