Cvoice24.com

চিকিৎসার জন্য চট্টগ্রাম নেওয়ার কথা, তার আগেই মারা গেলেন বাদশা

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি, সিভয়েস২৪
১৫:৪৯, ১৮ অক্টোবর ২০২৬
চিকিৎসার জন্য চট্টগ্রাম নেওয়ার কথা, তার আগেই মারা গেলেন বাদশা

খাগড়াছড়ির রামগড় উপজেলায় মোহাম্মদ উল্লাহ বাদশা (২৪) নামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের পাতাছড়া গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত বাদশা ওই গ্রামের আবদুর রহিমের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, তিনি গত দুই বছর ধরে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির দ্বিতীয় তলায় গলায় ফাঁস দেন বাদশা। পরে স্বজনরা তাকে উদ্ধার করে সকাল সাড়ে ৯টার দিকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহতের বাবা আবদুর রহিম জানান, গত দুই বছর ধরে তার ছেলে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিলেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও কুমিল্লার লাঙ্গলকোটে চিকিৎসা করানো হয়েছিল। 

ঘটনার আগের রাতে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। রবিবার চট্টগ্রামে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার পরিকল্পনা ছিল বলেও জানান তিনি।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।