Cvoice24.com

রাঙামাটিতে পর্যটকদের নিরাপত্তায় বসানো হলো পুলিশ বক্স

রাঙামাটি প্রতিবেদক, সিভয়েস২৪
১৩:৩৪, ১৩ অক্টোবর ২০২৬
রাঙামাটিতে পর্যটকদের নিরাপত্তায় বসানো হলো পুলিশ বক্স

রাঙামাটিতে পর্যটক ও স্থানীয় দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে শহরের ফিশারী বাঁধসংলগ্ন সড়ক বিভাগের লেক ভিউ গার্ডেনে স্থাপন করা হয়েছে পুলিশ বক্স। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে সড়ক বিভাগের পক্ষ থেকে পুলিশ বক্সটি জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে ফিতা কেটে এর উদ্বোধন করা হয়।

পুলিশ বক্স হস্তান্তর ও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুল রকিব এবং সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা।

অনুষ্ঠানে পুলিশ সুপার মুহম্মদ আব্দুল রকিব বলেন, লেক ভিউ গার্ডেন রাঙামাটির অন্যতম উন্মুক্ত বিনোদনকেন্দ্র। এখানে কোনো প্রবেশমূল্য ছাড়াই স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা ঘুরে বেড়াতে পারেন। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিয়মিত নজরদারি করছে। পুলিশ বক্স স্থাপনের ফলে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার হবে এবং দর্শনার্থীরা নির্বিঘ্নে গার্ডেনের সৌন্দর্য উপভোগ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা যাতে রাঙামাটির প্রাকৃতিক সৌন্দর্য ও কাপ্তাই হ্রদের মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন, সে লক্ষ্যেই লেক ভিউ গার্ডেন তৈরি করা হয়েছে। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক বিভাগের পক্ষ থেকে পুলিশ বক্সটি জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাঙামাটি শহরে বিনা প্রবেশমূল্যে ঘুরে বেড়ানো ও অবসর কাটানোর সুযোগ সীমিত। একসময় থাকা কয়েকটি উন্মুক্ত বিনোদনকেন্দ্রে প্রবেশমূল্য চালু হওয়ায় লেক ভিউ গার্ডেন স্থানীয় বাসিন্দাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। সড়ক বিভাগের উদ্যোগে রাঙামাটি ফিশারী বাঁধসংলগ্ন এলাকায় গড়ে তোলা এই গার্ডেনে বিভিন্ন প্রজাতির গাছের সমারোহের পাশাপাশি রয়েছে কাপ্তাই হ্রদের সৌন্দর্য উপভোগ, হাঁটাচলা ও অবসর কাটানোর সুযোগ।

প্রতিদিনই স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকেরা এখানে সময় কাটাতে আসেন। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বক্স স্থাপনকে তাই গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী রনেন চাকমা ও তিথি চাকমাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে গার্ডেন প্রাঙ্গণে একটি জারুলগাছের চারা রোপণ করা হয়।
 

পাহাড় সব খবর