Cvoice24.com

বিয়ের আশ্বাসে বান্দরবান থেকে এনে কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

সিভয়েস২৪ প্রতিবেদক
১৫:১৭, ১২ অক্টোবর ২০২৬
বিয়ের আশ্বাসে বান্দরবান থেকে এনে কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বান্দরবান থেকে চট্টগ্রামে নিয়ে এসে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে লোকমান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার দে। তিনি জানান, পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর রবিবার (১১ অক্টোবর) ভোরে অভিযুক্ত লোকমানকে গ্রেপ্তার করা হয়।

ওসি বলেন, ‘হোটেল কর্তৃপক্ষ নিয়ম মেনে কক্ষ ভাড়া দিয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

মামলার এজাহার সূত্রে জানা গেছে, লোকমানের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গত ২ অক্টোবর বান্দরবানে থাকা কিশোরীকে চট্টগ্রামে নিয়ে আসেন তিনি। পরে রাত হয়ে যাওয়ার কথা বলে পরদিন বিয়ে করার আশ্বাস দেন লোকমান।

এরপর কিশোরীকে নিয়ে চট্টগ্রাম রেলওয়ে থানার আওতাধীন পুরাতন রেলওয়ে স্টেশন এলাকার হোটেল হেরিটেজে ওঠেন তিনি। সেখানে হোটেলটির দ্বিতীয় তলার ১১২ নম্বর কক্ষে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, পরদিন ৩ অক্টোবর কিশোরীকে মুরাদপুরে নামিয়ে দিয়ে নিজের মুঠোফোন বন্ধ করে আত্মগোপনে চলে যান লোকমান। পরে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনার কথা জানায় কিশোরী।

এ ঘটনায় গত ১০ অক্টোবর কিশোরীর পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম রেলওয়ে থানায় মামলা করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত লোকমানকে গ্রেপ্তার করে।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর