Cvoice24.com

ফুডপান্ডার বিরুদ্ধে প্রতিবাদে রেস্তোরাঁগুলোকে বাধ্য করার অভিযোগ

সিভয়েস২৪ প্রতিবেদক
১৮:২১, ১২ অক্টোবর ২০২৬
ফুডপান্ডার বিরুদ্ধে প্রতিবাদে রেস্তোরাঁগুলোকে বাধ্য করার অভিযোগ

চট্টগ্রামে ফুডপান্ডার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে কয়েকটি শীর্ষস্থানীয় রেস্তোরাঁকে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ করেছে ফুডপান্ডা বাংলাদেশ। প্রতিষ্ঠানটির দাবি, কর্মসূচির অংশ হিসেবে রেস্তোরাঁগুলোকে ফুডপান্ডার ট্যাব বন্ধ রাখতে চাপ দেওয়া হচ্ছে। পাশাপাশি, প্রতিযোগী একটি ডেলিভারি প্ল্যাটফর্ম ব্যবহার করতেও কিছু রেস্তোরাঁকে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি।

সোমবার (১২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব অভিযোগ করেন ফুডপান্ডা বাংলাদেশের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের প্রধান জাহেদুল ইসলাম।

বিবৃতিতে বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড বেআইনি হওয়ার পাশাপাশি অবাধ প্রতিযোগিতা ও ব্যবসায়িক স্বাধীনতার পরিপন্থী। একই সঙ্গে এসব কর্মকাণ্ড রেস্তোরাঁ মালিকদের স্বাধীনভাবে ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার অধিকার ক্ষুণ্ন করে।

ফুডপান্ডা মনে করে, কোন ডেলিভারি প্ল্যাটফর্মের সঙ্গে কাজ করবে, তা বেছে নেওয়ার পূর্ণ স্বাধীনতা প্রতিটি রেস্তোরাঁর থাকা উচিত। কোনো ধরনের চাপ বা ভয়ভীতি ছাড়াই রেস্তোরাঁ মালিকেরা নিজেদের ব্যবসায়িক স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন।

বিবৃতিতে আরও বলা হয়, নিবন্ধিত করপোরেট প্রতিষ্ঠান হিসেবে ফুডপান্ডা প্রতিটি রেস্তোরাঁর সঙ্গে সরাসরি চুক্তি করে। বাণিজ্যিক শর্ত নির্ধারণের ক্ষেত্রে কোনো তৃতীয় পক্ষের সংগঠনের মাধ্যমে আলোচনা না করে সংশ্লিষ্ট রেস্তোরাঁর সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয়।

জাহেদুল ইসলাম বলেন, চট্টগ্রামের রেস্তোরাঁ মালিকদের সঙ্গে ফুডপান্ডার সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট অংশীজনদের উত্থাপিত বিভিন্ন বিষয় ও যৌক্তিক উদ্বেগের সমাধানে রেস্তোরাঁ অংশীদারদের সঙ্গে সরাসরি আলোচনা চলছে।

চুক্তির বিষয়ে বিবৃতিতে বলা হয়, রেস্তোরাঁ অংশীদারদের সঙ্গে ফুডপান্ডার চুক্তিগুলো পারস্পরিক সম্মতির ভিত্তিতে সম্পাদিত হয়। পারস্পরিক আস্থাই এসব অংশীদারত্বের মূল ভিত্তি এবং সফল ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখার জন্য তা অপরিহার্য।

ফুডপান্ডার দাবি, তাদের সেবা বন্ধ থাকলে রেস্তোরাঁগুলোর বিক্রি কমবে, রাইডারদের আয় কমে যাবে এবং সাধারণ গ্রাহকেরা ভোগান্তিতে পড়বেন। তাই সংশ্লিষ্ট সব পক্ষের স্বার্থ বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে বর্তমান পরিস্থিতির ইতিবাচক সমাধানে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর