Cvoice24.com

নির্ধারিত সময়ের আগেই পর্যটকশূন্য সাজেক, হতাশ ব্যবসায়ীরা

রাঙামাটি প্রতিবেদক, সিভয়েস২৪
১৮:০০, ১২ অক্টোবর ২০২৬
নির্ধারিত সময়ের আগেই পর্যটকশূন্য সাজেক, হতাশ ব্যবসায়ীরা

জেলা প্রশাসনের নির্দেশনার পর নির্ধারিত সময়ের আগেই পর্যটকশূন্য হয়ে পড়েছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি। 

সোমবার (১২ অক্টোবর) সকাল ও দুপুরের নির্ধারিত স্কটে সাজেকে অবস্থান করা প্রায় দেড় হাজার পর্যটক এলাকা ছেড়ে গেছেন। একই সঙ্গে ছুটিতে গেছেন রিসোর্ট, কটেজ ও রেস্তোরাঁর অনেক কর্মী।

এর আগে, রবিবার সন্ধ্যায় রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে অনিবার্য কারণবশত সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। এতে সাজেকে অবস্থানরত পর্যটকদের ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে এলাকা ছেড়ে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

তবে নির্ধারিত সময়ের আগেই সাজেক ছেড়ে গেছেন পর্যটকেরা। এতে পর্যটনকেন্দ্রটি কার্যত পর্যটকশূন্য হয়ে পড়েছে।

এদিকে, সাজেকে বর্তমানে পর্যটকদের ভরা মৌসুম চলছে। বিশেষ করে দুর্গাপূজার টানা ছুটিকে কেন্দ্র করে পর্যটকদের বরণে ব্যস্ত সময় পার করছিলেন পর্যটন ব্যবসায়ীরা। এমন সময়ে পর্যটনকেন্দ্র বন্ধের ঘোষণা আসায় হতাশ হয়ে পড়েছেন তারা। তবে প্রশাসনের উদ্যোগে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশাবাদী ব্যবসায়ীরা।

সাজেক লুইরুই হলিডে রিসোর্টের ম্যানেজার রাশু ত্রিপুরা বলেন, তাদের রিসোর্টের সাতটি কক্ষে ১৮ জন পর্যটক অবস্থান করছিলেন। তারা সবাই সোমবার সকাল ও দুপুরের নির্ধারিত স্কটে সাজেক ছেড়েছেন। তাদের রিসোর্টের একজন কর্মীও ছুটিতে চলে গেছেন। আশপাশের অনেক রিসোর্ট, কটেজ ও রেস্তোরাঁর কর্মীরাও ছুটিতে চলে গেছেন।

তিনি আরও বলেন, যেসব পর্যটক আগে থেকে বুকিং দিয়েছিলেন, তারা ফোন করে খোঁজখবর নিচ্ছেন। বুকিংয়ের নির্ধারিত তারিখের আগে সাজেক খুলে দেওয়া না হলে পর্যটকদের অগ্রিম টাকা ফেরত দেওয়া হবে। তবে কেউ পরবর্তী সময়ে আসতে চাইলে তাদেরও স্বাগত জানানো হবে।

পাহাড় সব খবর