Cvoice24.com

কেপিএমে বিসিআইসি চেয়ারম্যান
রাষ্ট্রীয় শিল্পের উন্নয়নে সমন্বিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে

কাপ্তাই-রাঙ্গুনিয়া প্রতিনিধি, সিভয়েস২৪
১৮:৩৫, ১০ অক্টোবর ২০২৬
রাষ্ট্রীয় শিল্পের উন্নয়নে সমন্বিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে

রাষ্ট্রীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর উৎপাদনশীলতা বৃদ্ধি এবং শ্রমিক-কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টা দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মো. বাবুল মিঞা।

শনিবার (১০ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের (কেপিএম) অতিথি ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিসিআইসি চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্রীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর উৎপাদনশীলতা বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিল্পপ্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি ও উৎপাদন কার্যক্রম গতিশীল করার মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে আরও অবদান রাখা সম্ভব।

এ সময় চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলে অচিরেই কাঁচামালভিত্তিক নতুন শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম ও কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান রুবেল।

এ ছাড়া কেপিএমের সিবিএ সভাপতি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক কাজী আবু সরোয়ারসহ কারখানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা সভায় অংশ নেন।

এর আগে কেপিএমের অতিথি ভবন চত্বরে পৌঁছালে বিসিআইসি চেয়ারম্যানকে রাষ্ট্রীয় সালামসহ গার্ড অব অনার দেওয়া হয়। পরে মতবিনিময় সভার শুরুতে কারখানার সার্বিক কার্যক্রম ও উৎপাদন পরিস্থিতি নিয়ে বিস্তারিত উপস্থাপনা তুলে ধরেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ।

সভা শেষে বিসিআইসি চেয়ারম্যান কেপিএমের মূল কারখানা চত্বর ও বিভিন্ন উৎপাদন ইউনিট সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি কারখানার উৎপাদন কার্যক্রমের খোঁজখবর নেন।

পাহাড় সব খবর