Cvoice24.com

অস্থিতিশীলতার অপচেষ্টা ঠেকাতে কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ, লিফলেট বিতরণ

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি, সিভয়েস২৪
১৪:২৮, ৩০ সেপ্টেম্বর ২০২৬
অস্থিতিশীলতার অপচেষ্টা ঠেকাতে কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ, লিফলেট বিতরণ

দেশে পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা প্রতিবাদে রাঙামাটির কাপ্তাইয়ে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও লিফলেট বিতরণ করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। 

পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনের সামনে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। 

কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমেদের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের আহ্বায়ক ইব্রাহিম হাবিব মিলুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি জাফর আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন ও সাংগঠনিক সম্পাদক এবং জেলা পরিষদ সদস্য উথোয়াই মং মারমাসহ অন্যরা।

সমাবেশে বক্তারা কাপ্তাইয়ে সাম্প্রতিক বিভিন্ন বিশৃঙ্খল কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। তারা বলেন, কাপ্তাইয়ে কোনো ধরনের ‘ফ্যাসিস্ট শক্তি’ বা ‘গুপ্ত অপতৎপরতা’ বরদাস্ত করা হবে না। দেশের স্থিতিশীলতা বজায় রাখতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। বিএনপির পক্ষ থেকে বলা হয়, আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে জনসচেতনতা তৈরি এবং বিগত সরকারের সময়ের বিদ্যুৎ ও সার সংকট নিরসনে বর্তমান সরকারের নেওয়া পদক্ষেপগুলো জনগণের কাছে তুলে ধরতেই এ কর্মসূচি পালন করা হয়েছে।

এর আগে ২৬ সেপ্টেম্বর কাপ্তাইয়ের চিৎমরমে লিফলেট বিতরণের সময় বিএনপির এক কর্মী আহত হওয়ার অভিযোগও উঠেছিল। ওই ঘটনায় বিএনপির পক্ষ ও প্রতিপক্ষ—দুই পক্ষ থেকেই পাল্টাপাল্টি অভিযোগ করা হয়।

বিক্ষোভ মিছিল, সমাবেশ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।