Cvoice24.com

রাঙামাটিতে পর্যটন দিবসে মেলা, সাজেকে শোভাযাত্রা

রাঙামাটি প্রতিবেদক, সিভয়েস২৪
১৫:০৪, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রাঙামাটিতে পর্যটন দিবসে মেলা, সাজেকে শোভাযাত্রা

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাঙামাটিতে ১০ দিনব্যাপী পর্যটন মেলা, সাজেকে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ১০ দিনব্যাপী পর্যটন মেলার উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার।

মেলায় স্থানীয় কৃষি ও হস্তশিল্পের প্রায় ৫০টি স্টল বসেছে। এসব স্টলে পাহাড়ি নারীদের তৈরি ঐতিহ্যবাহী বিভিন্ন পণ্য নিয়ে অংশ নিয়েছেন নারী উদ্যোক্তারা। মেলায় আসা পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের আকৃষ্ট করছে এসব পণ্যের পসরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার বলেন, পর্যটন শিল্পের বিকাশের পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে। বিশেষ করে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বিপণনের সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

অন্যদিকে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সাজেকেও নানা কর্মসূচি রাখা হয়েছে। বিকেলে সেখানে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিভিন্ন জাতিগোষ্ঠীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য ও পর্যটনবিষয়ক আহ্বায়ক শ্বাশৎ চাকমা রিংকু, অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, নন্দিতা দাশ এবং রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

পাহাড় সব খবর