Cvoice24.com

আন্তর্জাতিক বিমানবন্দরের পথে কক্সবাজার, নতুন টার্মিনাল থেকে ফ্লাইট শুরু

কক্সবাজার প্রতিনিধি
১৫:০৫, ২৮ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক বিমানবন্দরের পথে কক্সবাজার, নতুন টার্মিনাল থেকে ফ্লাইট শুরু

কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল ভবন থেকে পরীক্ষামূলকভাবে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫০ মিনিটে বেসরকারি এয়ারলাইনস ইউএস-বাংলার একটি ফ্লাইট প্রায় ৭০ জন যাত্রী নিয়ে নতুন টার্মিনাল থেকে প্রথমবারের মতো যাত্রা করে।

কক্সবাজার বিমানবন্দরের পরিচালক গোলাম মোর্তোজা হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে গত বৃহস্পতিবার বিমানবন্দরের সংশ্লিষ্ট বিভাগ ও এয়ারলাইনসগুলোকে চিঠি দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস-বাংলা এয়ারলাইনস, নভোএয়ার ও এয়ার অ্যাস্ট্রাকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে বলা হয়।

ইউএস-বাংলা এয়ারলাইনসের কক্সবাজারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মুসা আহমেদ বলেন, সকাল ৮টা ৫০ মিনিটে প্রায় ৭০ জন যাত্রী নিয়ে ইউএস-বাংলার ফ্লাইটটি নতুন টার্মিনাল থেকে প্রথমবারের মতো যাত্রা করে। নতুন ভবনে যাত্রীদের জন্য আধুনিক বিভিন্ন সুযোগ-সুবিধা রাখা হয়েছে।

নতুন টার্মিনালে রয়েছে মোট ১৪টি চেক-ইন কাউন্টার। ফলে যাত্রীদের চেক-ইন কার্যক্রম আগের তুলনায় আরও সুশৃঙ্খলভাবে পরিচালনার সুযোগ তৈরি হয়েছে। এয়ারলাইনসগুলো প্রয়োজন অনুযায়ী আলাদা কাউন্টার ব্যবহার করতে পারবে। আপাতত নভোএয়ার ও এয়ার অ্যাস্ট্রা চেক-ইন কাউন্টার ভাগাভাগি করে ব্যবহার করবে।

সংশ্লিষ্টরা জানান, আধুনিক অবকাঠামোর কারণে নতুন টার্মিনালে যাত্রীদের প্রবেশ, চেক-ইন এবং ফ্লাইটে ওঠার প্রক্রিয়া আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা সম্ভব হবে।

টার্মিনাল ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন আগামী অক্টোবরে হওয়ার কথা রয়েছে। 

কক্সবাজারকে আন্তর্জাতিক বিমান চলাচলের কেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং পর্যটনশিল্পের প্রসারে কয়েক বছর ধরে বিমানবন্দরটির আধুনিকায়নের কাজ চলছে। এর অংশ হিসেবে নতুন টার্মিনাল ভবনের পাশাপাশি রানওয়ে সম্প্রসারণ ও আধুনিক এভিয়েশন অবকাঠামো তৈরি করা হচ্ছে।

প্রকল্পের আওতায় সমুদ্রের দিকে রানওয়ে ১ হাজার ৭০০ ফুট সম্প্রসারণ করা হয়েছে। এতে রানওয়ের দৈর্ঘ্য ৯ হাজার ফুট থেকে বেড়ে ১০ হাজার ৭০০ ফুট হয়েছে। ১ হাজার ৮৬৮ কোটি টাকা ব্যয়ে বিমানবন্দর আধুনিকায়ন প্রকল্পের কাজ শুরু হয় ২০২১ সালের ২৯ আগস্ট।

সম্প্রসারিত রানওয়ে চালু হলে বোয়িং ৭৭৭-৩০০ইআর ও ড্যাশ-৮ কিউ৪০০সহ বড় উড়োজাহাজ ওঠানামা করতে পারবে। 

এর আগে,গত বুধবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তাফা মাহমুদ সিদ্দিকী নতুন টার্মিনাল ভবন চালুর প্রস্তুতি পরিদর্শন করেন। 

কক্সবাজার সব খবর