সেন্টমার্টিনে ট্রলিং বোট ও সামুদ্রিক মাছসহ ১৭ জেলে আটক
উখিয়া- টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিমের সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ছয়টি ট্রলিং জাল ও ৭০০ কেজি সামুদ্রিক মাছসহ ১৭ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন এ অভিযান চালায়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে ছয়টি ট্রলিং জাল ও আনুমানিক ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৭০০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা ১৭ জেলেকে আটক করা হয়।
তিনি জানান, জব্দ করা আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কক্সবাজার সব খবর















