Cvoice24.com

রাউজানে গভীর রাতে সড়কের পাশে রাখা পিকআপে আগুন

প্রতিনিধি, সিভয়েস২৪
২২:০৪, ২৬ সেপ্টেম্বর ২০২৬
রাউজানে গভীর রাতে সড়কের পাশে রাখা পিকআপে আগুন

চট্টগ্রামের রাউজানে সড়কের পাশে রাখা একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কুণ্ডেশ্বরী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কুণ্ডেশ্বরী এলাকায় একটি বাড়ির সামনে চট্টগ্রাম–রাঙামাটি সড়কের পাশে পিকআপ ভ্যানটি রাখা ছিল। গাড়িটির মালিক স্থানীয় বাসিন্দা টিপু দাশ। সাধারণত তিনি গাড়িটি বাড়ির ভেতরে রাখতেন। শুক্রবার রাতে গাড়িটি সড়কের পাশে রেখে তিনি বাড়িতে চলে যান। পরে গভীর রাতে দুর্বৃত্তরা গাড়িটিতে আগুন দেয়।

ভোরে স্থানীয় লোকজন পিকআপটি পুড়ে যাওয়া অবস্থায় দেখতে পান। এ ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। তবে কারা আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর)  উপজেলার গহিরা এলাকায় একটি ড্রাম ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরপর দুটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। 

এর আগে গহিরা এলাকায় ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা বা অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।