Cvoice24.com

তিন গোলের ধাক্কায় আসিয়ান কাপ শুরু বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক, সিভয়েস২৪
১৭:২৫, ২৫ সেপ্টেম্বর ২০২৬
তিন গোলের ধাক্কায় আসিয়ান কাপ শুরু বাংলাদেশের

ফিফা আসিয়ান কাপের উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে শুক্রবার অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই দুই গোল হজম করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতে আরও একটি গোল করে মালয়েশিয়া।

মালয়েশিয়ার হয়ে জোড়া গোল করেছেন আরিফ আইমান। অন্য গোলটি করেন ব্রাজিলে জন্ম নেওয়া মালয়েশিয়ার ফরোয়ার্ড বের্গসন।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মালয়েশিয়া। অন্যদিকে রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিল বাংলাদেশ। চতুর্থ মিনিটে হালিম ফয়সালের দূরপাল্লার শট ফিস্ট করে কর্নারের জন্য পাঠান বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।

১৮ মিনিটে প্রথম গোল পায় মালয়েশিয়া। নিজেদের অর্ধ থেকে লিয়ানে নোয়ারের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ডান দিক দিয়ে বক্সে ঢোকেন আরিফ আইমান। কোনাকুনি নিচু শটে বাংলাদেশের গোলরক্ষক শ্রাবণকে পরাস্ত করেন তিনি।

গোল খাওয়ার পর বাংলাদেশ আক্রমণে ওঠার চেষ্টা করে। ২৫ মিনিটে হামজা চৌধুরী ও ফাহামিদুল ইসলামের সমন্বয়ে আক্রমণ তৈরি হলেও তা গোলে রূপ নেয়নি। কিছুক্ষণ পর সোহেল রানার পাস থেকে ফারহান আলী ওয়াহিদ বাম দিক দিয়ে বক্সে ঢুকলেও মালয়েশিয়ার রক্ষণভাগের বাধায় আক্রমণটি শেষ করতে পারেননি।

৩৩ মিনিটে ফাহামিদুলের কাছ থেকে বল পেয়ে বক্সে ক্রস করেন সমিত সোম। রাকিব হোসেন শট নিলেও বল পোস্টের বাইরে চলে যায়।

৩৭ মিনিটে আবারও গোল করে মালয়েশিয়া। বাংলাদেশের ডিফেন্ডার শাকিল আহাদ তপুর কাছ থেকে বল কেড়ে নিয়ে বার্গসন পাস দেন আরিফ আইমানকে। এরপর গোলরক্ষক শ্রাবণের মাথার ওপর দিয়ে শট নিয়ে নিজের দ্বিতীয় গোল করেন তিনি।

বিরতির আগে আরও একবার গোলের সুযোগ তৈরি করে মালয়েশিয়া। তবে ফয়সাল হালিমের শট ঠেকিয়ে দেন শ্রাবণ। ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ায় মালয়েশিয়া। ৫২ মিনিটে কোরবিন লাভেরের লং পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের নিচু শটে শ্রাবণকে পরাস্ত করেন বের্গসন।

এরপর বাংলাদেশ একাদশে পরিবর্তন আনা হয়। মাঠে নামেন শেখ মোরসালিন ও জিদান ইউসুফ। বাংলাদেশের জার্সিতে এ ম্যাচেই অভিষেক হয় জিদানের।

৭৬ মিনিটে গোল করার সুযোগ পেয়েছিলেন হামজা চৌধুরী। শাহরিয়ার ইমনের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে বক্সে ঢুকে শট নেন তিনি। তবে মালয়েশিয়ার গোলরক্ষক তা ঠেকিয়ে দেন। ফিরতি বলেও হামজার প্রচেষ্টা আটকে দেন তিনি।

শেষ দিকে বাংলাদেশ কিছুটা গুছিয়ে আক্রমণে ওঠে। ৮২ মিনিটে শাহরিয়ার ইমনের শট লক্ষ্যভ্রষ্ট হয়। মালয়েশিয়ার পাল্টা আক্রমণ থেকে আসা আরেকটি শটও ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক শ্রাবণ।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-০ গোলে হেরে মাঠ ছাড়ে বাংলাদেশ।

সান মারিনোর বিপক্ষে সর্বশেষ ২-১ গোলে জেতা ম্যাচের একাদশ থেকে এদিন সাতটি পরিবর্তন এনেছিলেন বাংলাদেশের কোচ থমাস ডুলি। এ ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে ফারহান আলী ওয়াহিদ, জিদান ইউসুফ ও শুকি ইতোফুসারের।

খেলাধুলা সব খবর